আড়াই বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, যাচ্ছেন ১১২ কর্মী

আড়াই বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হচ্ছে। প্রথম ধাপে সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই দেশটিতে যাচ্ছেন ১১২ জন কর্মী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বিদায় শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করবেন নির্বাচিত কর্মীরা। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে ১১২ জন কর্মী মালয়েশিয়ায় যাচ্ছেন। দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে। মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ রিঙ্গিত। তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে তাঁরা কাজ করবেন। পাশাপাশি নিয়োগকর্তার পক্ষ থেকে আবাসন ও চিকিৎসাসুবিধা দেওয়া হবে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, কর্মীদের কাছ থেকে কোনো ধরনের অর্থ নেওয়া হচ্ছে না। পাসপোর্ট তৈরি, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি, প্রাক্-বহির্গমন প্রশিক্ষণ, বিমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের প্রতিটি কর্মীর জন্য ২৬ হাজার ৩৫০ টাকা ব্যয় হচ্ছে। এ ছাড়া ভিসা ফি ও বিমান টিকিটের সম্পূর্ণ খরচ বহন করছে নিয়োগকর্তা।
তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, জনপ্রতি আনুমানিক ২ লাখ টাকা ব্যয় সাশ্রয় হচ্ছে। সে হিসাবে ১১২ জন কর্মীর মোট সাশ্রয়ের পরিমাণ প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।
কর্মী নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে রাশেদুল হক বলেন, পুরো কার্যক্রম স্বচ্ছ ও দালালমুক্তভাবে সম্পন্ন হয়েছে। অনলাইনে আবেদন করেছিলেন ৪ হাজার ৩৯ জন। তাঁদের মধ্য থেকে গণমাধ্যমের উপস্থিতিতে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করা হয়েছে।
তিনি আরও জানান, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদা পাওয়া গেছে। প্রতিষ্ঠানগুলো হলো ডিএইচএল সাপ্লাই চেইন, টপ গ্লোভ, তাতাওয়া ইন্ডাস্ট্রি ও ইউনাইটেড প্লান্টেশন। এর মধ্যে ডিএইচএলে ১১২, টপ গ্লোভে ৩৭৯, তাতাওয়া ইন্ডাস্ট্রিতে ৩২ এবং ইউনাইটেড প্লান্টেশনে ৫২৫ জন কর্মী নিয়োগের সুযোগ রয়েছে।
দ্বিতীয় দফায় কর্মী পাঠানোর সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আগামী ৫ অথবা ৯ ডিসেম্বর কর্মীদের পরবর্তী দল পাঠানো হতে পারে। পরবর্তী ধাপে নির্বাচিত কর্মীরা অন্য একটি প্রতিষ্ঠানে যোগ দেবেন।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। লটারির মাধ্যমে তাঁদের নির্বাচন করা হচ্ছে। সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই ১০ হাজার কর্মীর মধ্যে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদের মধ্য থেকে এক হাজার জনকে পাঠানো হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ মে থেকে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার কার্যত বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর গুরুত্বপূর্ণ এই শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ নেয়। গত জুনে মালয়েশিয়া সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার অনুরোধ জানান।
এর আগে ২০০৮ সালে প্রথমবারের মতো বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়েছিল। ২০১৬ সালে পুনরায় চালু হলেও দুর্নীতি ও কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের অভিযোগে ২০১৮ সালে আবারও বন্ধ হয়ে যায়। ২০২২ সালে বাজারটি পুনরায় উন্মুক্ত করা হলেও ২০২৪ সালে আবারও কর্মী প্রবেশের সুযোগ বন্ধ হয়ে যায়।
বিশেষ করে ২০১৮ ও ২০২২ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। দীর্ঘ বিরতির পর এবার সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে কর্মী পাঠানোর উদ্যোগকে কেন্দ্র করে নতুন করে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।








