যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি

যুক্তরাজ্যে সরকারি সফর শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৭ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের পক্ষ থেকে তার দেশে ফেরার বিষয়টি জানানো হয়।
সংসদ সচিবালয় জানায়, যুক্তরাজ্য সফরে ওয়েস্টমিনিস্টারে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন চিফ হুইপ। এসব কর্মসূচিতে সংসদ পরিচালনা, আইন প্রণয়ন, সংসদীয় কমিটির তদারকি, সংসদ সদস্যদের দায়িত্ব এবং জবাবদিহি নিশ্চিত করার পদ্ধতি নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন তিনি।
সফরে যুক্তরাজ্য ও বাংলাদেশের সংসদীয় ব্যবস্থার তুলনামূলক আলোচনা হয়। পাশাপাশি দ্বিকক্ষ ও এককক্ষবিশিষ্ট সংসদের কাঠামো, সংসদ সদস্যদের ভূমিকা এবং আইন প্রণয়নের বিভিন্ন ধাপে বিল যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া নিয়েও বিস্তারিত মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।
হাউস অব কমন্সের ডেপুটি স্পিকারের সঙ্গে বৈঠকে সংসদীয় অধিবেশন পরিচালনায় সভাপতির ভূমিকা, সংসদীয় শৃঙ্খলা ও অধিকার সংরক্ষণ এবং বিভিন্ন ধরনের বিতর্ক পরিচালনার পদ্ধতি নিয়ে আলোচনা করেন নূরুল ইসলাম মনি। এ সময় সংসদীয় প্রশ্ন, নোটিশ, জরুরি বক্তব্য, প্রস্তাব ও রেজল্যুশন, পয়েন্ট অব অর্ডার এবং সংসদীয় বিশেষাধিকার বিষয়েও মতবিনিময় হয়।
এ ছাড়া হাউস অব কমন্সের কমিটি অন স্ট্যান্ডার্ডসের সদস্যদের সঙ্গে বৈঠকে সংসদীয় নৈতিকতা, বিশেষাধিকার, সংসদ সদস্যদের আচরণবিধি এবং কমিটির কার্যকারিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়। যুক্তরাজ্যের সিলেক্ট কমিটির কাঠামো, সরকারের কর্মকাণ্ডের ওপর সংসদীয় নজরদারি, তথ্য ও সাক্ষ্য সংগ্রহ, প্রতিবেদন তৈরি এবং সুপারিশ বাস্তবায়নের কার্যকারিতা মূল্যায়নের বিষয়ও উঠে আসে।
সফরকালে যুক্তরাজ্যের সংসদে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার অধিবেশন এবং হাউস অব কমন্সের একটি কমিটির শুনানি পর্যবেক্ষণ করেন চিফ হুইপ। এ সময় দেশটির বাংলাদেশবিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।
সংসদ সদস্যদের গবেষণা ও প্রশাসনিক সহায়তা, পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ, সংসদীয় সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিয়েও সফরে আলোচনা হয়। প্রতিনিধিদল হাউস অব কমন্স লাইব্রেরি পরিদর্শন করে সংসদ সদস্য ও সংসদীয় কর্মকর্তাদের জন্য পরিচালিত গবেষণা এবং তথ্য সহায়তা কার্যক্রম সম্পর্কে ধারণা নেয়।
এ ছাড়া কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) মহাসচিব ও সদর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধিদলের সদস্যরা। সেখানে বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে সিপিএর চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং সংসদীয় সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।








