কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা, নিবন্ধন ৬ ডিসেম্বর পর্যন্ত

কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য নিবন্ধন ও ভোটদানে সম্মতি জানানোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানান।
ইসি জানিয়েছে, যেসব প্রবাসী ভোটার ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিবন্ধন করেছিলেন, তাদের কাছে উপনির্বাচনে ভোট দেওয়ার সম্মতি চেয়ে নোটিফিকেশন পাঠানো হবে। ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে তাদের সম্মতি পাওয়ার পর প্রবাসের নির্ধারিত ঠিকানায় ব্যালট পাঠানো হবে।
অন্যদিকে, কিশোরগঞ্জ-৩ আসনের যেসব প্রবাসী ভোটার গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেননি, তারাও নতুন করে নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগ্রহী প্রবাসী ভোটাররা ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপটিতে নিবন্ধন সম্পন্ন করে আসন্ন উপনির্বাচনে পোস্টাল ভোটের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।








