শীতার্তদের জন্য ৪৬ কোটি টাকার কম্বল কিনছে সরকার

আসন্ন শীতে অসহায়, শীতার্ত ও দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে আরও ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকার কম্বল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব কম্বল সংগ্রহের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কম্বল কেনার প্রস্তাবটি অনুমোদন পায়।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কম্বল কেনার জন্য মোট ৫৭ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ১০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৭৩২ টাকার কম্বল কেনার প্রস্তাব আগেই অনুমোদিত হয়েছিল। এবার অবশিষ্ট অর্থের মধ্যে ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকা ব্যয়ে নতুন করে কম্বল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট প্রস্তাবে বলা হয়েছে, প্রচলিত উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কম্বল সংগ্রহ করতে দীর্ঘ সময় প্রয়োজন হতে পারে। এতে শীত মৌসুমে নির্ধারিত সময়ের মধ্যে অসহায় মানুষের কাছে কম্বল পৌঁছানো ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিশেষ করে আগামী ডিসেম্বর থেকে দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলায় শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার দরিদ্র ও শীতার্ত মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত কম্বল সংগ্রহ ও বিতরণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে প্রস্তাবে।
এ কারণে দ্রুত ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করতে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, কম্বল কেনা ও বিতরণসংক্রান্ত কার্যক্রম বাস্তবায়ন করবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এ জন্য প্রয়োজনীয় সম্পূর্ণ অর্থ সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।
সরকারের এ উদ্যোগের মাধ্যমে আসন্ন শীতে দেশের বিভিন্ন অঞ্চলের অসহায়, দরিদ্র ও দুর্যোগকবলিত মানুষের মধ্যে শীতবস্ত্র সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।








