৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্পের কাজ দৃশ্যমান হতে যাচ্ছে

৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। অল্প সময়ের মধ্যেই এই বৃহৎ প্রকল্পের কার্যক্রম দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তাঁর মতে, প্রকল্পটির সঙ্গে দেশের ২৬টি জেলার প্রায় সাত কোটি মানুষের জীবন-জীবিকা ও ভবিষ্যৎ জড়িত।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পান্থপথে পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আলোচনা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, নদীমাতৃক বাংলাদেশের মাটি, মানুষ, কৃষি ও সেচব্যবস্থার সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম সরাসরি সম্পর্কিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ের প্রকল্পও অনুমোদন পেয়েছে। বাংলাদেশ, নেদারল্যান্ডস, চীন ও মালয়েশিয়ার যৌথ উদ্যোগে এ-সংক্রান্ত কাজ দ্রুত সম্পন্ন করার প্রচেষ্টা চলছে।
গঙ্গা চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার বিষয়টি উল্লেখ করে এ্যানি বলেন, চুক্তি নিয়ে বিশেষ কমিটির পক্ষ থেকে দুটি চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া তাঁর পক্ষ থেকেও একটি ব্যক্তিগত চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গেও আলোচনা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো জবাব বা দৃশ্যমান অগ্রগতি পাওয়া যায়নি।
মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের স্বার্থ অক্ষুণ্ন রেখে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান তাঁরা। একই সঙ্গে নতুন উদ্যোগের মাধ্যমে গঙ্গা চুক্তি নিয়ে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত শক্তিশালী করতে পানি উন্নয়ন বোর্ড ও পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সংগঠনের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে আয়োজিত সভায় পানি উন্নয়ন বোর্ড ও পানিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।








