শৈত্যপ্রবাহ মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনা করছে সরকার, তেঁতুলিয়ায় কর্মশালা

বিজ্ঞাপন
দেশে শৈত্যপ্রবাহের কারণে সৃষ্ট দুর্যোগ ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি জোরদারের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জাতীয় পর্যায়ে প্রণয়ন করা হচ্ছে আর্লি অ্যাকশন প্রটোকল (Early Action Protocol—EAP)। পরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের বিশেষ কর্মশালা।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালাটিতে কারিগরি ও ভৌত সহযোগিতা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
আয়োজক সূত্রে জানা গেছে, শৈত্যপ্রবাহের পূর্বাভাস পাওয়ার পর সম্ভাব্য দুর্ভোগ ও ক্ষয়ক্ষতি এড়াতে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা আগেভাগে নির্ধারণ করাই এ কর্মপরিকল্পনার উদ্দেশ্য। দুর্যোগের পূর্বাভাসের ভিত্তিতে অর্থায়ন ও আগাম কার্যক্রম গ্রহণের (Forecast Based Financing/Action) সুপারিশ অনুসরণ করে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে প্রটোকলটি তৈরির কাজ চলছে।
এ লক্ষ্যে গঠিত টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের কর্মশালায় অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, আবহাওয়া অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশন বাংলাদেশ, কেয়ার এবং ইএসডিওর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যুগ্মসচিব মো. রাসেল সাবরিন, উপসচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলী খান ও কাজী মো. বদরুজ্জামান। এ ছাড়া আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডা. মো. আফজাল অংশ নেন।
আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের মধ্যে হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশন বাংলাদেশের হেড অব প্রোগ্রাম মোহাম্মদ মাহমুদুল হাসান, কেয়ারের কনসোর্টিয়াম কো-অর্ডিনেটর অ্যাঞ্জেলো হারনান মেলেনসিওসহ ইএসডিওর ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।
কর্মশালায় শৈত্যপ্রবাহের আগাম পূর্বাভাসের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া, প্রয়োজনীয় সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া এবং দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, জাতীয় পর্যায়ে আর্লি অ্যাকশন প্রটোকল তৈরি হলে শৈত্যপ্রবাহের পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গেই কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শীতজনিত দুর্ভোগের ঝুঁকিতে থাকা মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সম্ভাব্য প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে এটি সহায়ক ভূমিকা রাখবে।
একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় সরকারি দপ্তর, উন্নয়ন সংস্থা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বিত কার্যক্রমের একটি কার্যকর কাঠামো গড়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।








