বিএনপি ক্ষমতায় থাকলে শিক্ষার মান আর কমবে না: এমপি লিটন

বিএনপি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দেশের শিক্ষার মান কোনোভাবেই নিচের দিকে নামবে না বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান লিটন। একই সঙ্গে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানিয়ে সরকারি নজরুল কলেজে একটি নতুন ভবন ও একটি প্রবেশগেট নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ময়মনসিংহের ত্রিশালে ঐতিহ্যবাহী সরকারি নজরুল কলেজের ‘নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য।
শিক্ষার মান নিয়ে বক্তব্য দিতে গিয়ে ডা. মাহাবুবুর রহমান লিটন বলেন, বিএনপি সরকারে আসলেই পড়াশোনার ইতিবাচক পরিবর্তন হয়, আর ক্ষমতা থেকে চলে গেলে শিক্ষার ক্ষতি হয়। যেহেতু বিএনপি সরকার গঠন করেছে, তোমরা নিশ্চিত থাকতে পারো—বিএনপি যতদিন ক্ষমতায় থাকবে, পড়াশোনার মান আর কখনো নিচের দিকে যাবে না।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, মনোযোগ ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন। পাশাপাশি কলেজের অবকাঠামোগত উন্নয়নে একটি ভবন ও একটি গেট নির্মাণের ঘোষণা দেন।
কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে সরকারি নজরুল কলেজ কর্তৃপক্ষ ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সরকারি নজরুল কলেজ শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ বি এম মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, মো. জিয়াউল হাসান জামিল, আব্দুল আউয়াল ফরাজী ও মো. আব্দুল মতিন। এ ছাড়া ত্রিশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসাইন মিলনসহ স্থানীয় নেতারা অনুষ্ঠানে অংশ নেন।
নবীনবরণ ও সাংস্কৃতিক আয়োজনকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।








