Logo

চুরির পরিকল্পনা ফাঁস হওয়ায় রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
রংপুর
২৬ নভেম্বর, ২০২৬, ১৫:১৫
চুরির পরিকল্পনা ফাঁস হওয়ায় রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা
ছবি: সংগৃহীত

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, বাড়িতে থাকা টাকা ও স্বর্ণালংকার চুরির উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন দুই অভিযুক্ত। ছাদে অপেক্ষা করার সময় গণপতি চক্রবর্তী তাদের দেখে ফেলায় তাকে প্রথমে হত্যা করা হয়। পরে পরিবারের অন্য তিন সদস্যও হত্যার শিকার হন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস বর্তমানে রংপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। পুলিশ কমিশনার জানান, তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে। তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণও তাদের জবানবন্দির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে দাবি পুলিশের।

গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী সংবাদ সম্মেলনে বলেন, বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার থাকার আলোচনা থেকেই চুরির পরিকল্পনা করেন দুই আসামি। গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী নিয়মিত স্বর্ণালংকার পরতেন বলেও তারা জানতেন বলে তদন্তে উঠে এসেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগে সিদ্ধার্থ দাস ওই বাড়িতে প্রবেশ করেছিলেন। সে সময় পরিবারের সদস্যদের হাতে ধরা পড়ার পর তার সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ ছাড়া সিদ্ধার্থ ও মুগ্ধ এর আগে পাশের তাতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে।

তদন্তে বলা হয়েছে, ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে দুই আসামি বাড়িতে প্রবেশ করেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তারা ছাদে অপেক্ষা করছিলেন। এ সময় ছাদের শব্দ শুনে গণপতি চক্রবর্তী সেখানে গেলে তাকে হত্যা করা হয়। পরে তার স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগমী চক্রবর্তী ছাদে গেলে তারাও হত্যার শিকার হন। এরপর বাড়ির ভেতরে থাকা ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকেও হত্যা করা হয় বলে পুলিশের অভিযোগ।

পুলিশ আরও জানায়, ঘটনার পর বাড়ির বিভিন্ন স্থান থেকে স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান অভিযুক্তরা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে সংগ্রহ করা প্রায় ৩৫টি নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পুলিশের দাবি, বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএ পাওয়া গেছে। এসব নমুনায় পরিবারের সদস্য ও দুই আসামি ছাড়া অন্য কারও ডিএনএর উপস্থিতি শনাক্ত হয়নি।

গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ নিয়েও এলাকায় নানা আলোচনা ছিল। স্থানীয়ভাবে ৫০ থেকে ৬০ লাখ টাকা পাওয়ার কথা শোনা গেলেও তদন্তে পুলিশ জানতে পেরেছে, তিনি অবসরকালীন প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন। ওই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে। হিসাব দুটি বর্তমানে জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এতে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযোগপত্রের ওপর শুনানি শেষে অভিযোগ গঠন করা হবে। এরপরই শুরু হবে বিচার কার্যক্রম।

তবে পুলিশের তদন্তের ব্যাখ্যা নিয়ে আপত্তি জানিয়েছেন নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তার দাবি, শুধু টাকা চুরির উদ্দেশ্যে চারজনকে হত্যার ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। ঘটনার পেছনে আরও কেউ জড়িত থাকতে পারেন বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।

গোপীনাথ চক্রবর্তী বলেন, ‘টাকা চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে, এটা খোঁড়া অজুহাত। এর পেছনে আরও শক্তিশালী কেউ আছে। শুরু থেকেই বলে আসছি—দুইজনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। আমরা সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছি। কিন্তু আমাদের কথা গুরুত্ব পায়নি।’

প্রসঙ্গত, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে নিহতের বড় ভাই গোপীনাথ চক্রবর্তী কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

এদিকে, ঘটনার নয় দিন পর দুই আসামির ডোপ টেস্ট করা হলে তাদের শরীরে মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়নি বলে জানায় পুলিশ। অন্যদিকে, দুই আসামির পক্ষে একাই চারজনকে হত্যা করা সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন তুলে আসামিদের পাশাপাশি অন্য জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন নিহতদের স্বজন, স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD