Logo

চুনতিতে হাতির আক্রমণে ফসলহানি, ক্ষতিপূরণের চেক পেল পাঁচ পরিবার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি
লোহাগাড়া, চট্টগ্রাম
২৬ নভেম্বর, ২০২৬, ১৫:২৭
চুনতিতে হাতির আক্রমণে ফসলহানি, ক্ষতিপূরণের চেক পেল পাঁচ পরিবার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বন্যহাতির আক্রমণে ফসল ও সম্পদের ক্ষয়ক্ষতির শিকার পাঁচ কৃষক পরিবারকে সরকারি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের হাতে মোট ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক তুলে দিয়েছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

বিজ্ঞাপন

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ-বিন-আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ, চুনতি বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নূর জাহান এবং চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।

এ ছাড়া চুনতি অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার, আজিজনগর অভয়ারণ্য বিট কর্মকর্তা রেজাউলসহ বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, “বন্যপ্রাণী ও মানুষের সহাবস্থান নিশ্চিত করার পাশাপাশি বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত অসহায় কৃষক ও পরিবারের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। ক্ষতিগ্রস্তদের এই সরকারি অনুদান তাদের ঘুরে দাঁড়াতে কিছুটা হলেও সহায়তা করবে।”

তিনি বন্যহাতির উপদ্রব নিয়ন্ত্রণ এবং মানুষের জানমাল ও কৃষিজমির ফসল রক্ষায় বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. বায়েজীদ-বিন-আখন্দ বলেন, “চুনতি অভয়ারণ্য সংলগ্ন এলাকায় বন্যহাতির আক্রমণে ফসল ও সম্পদের ক্ষয়ক্ষতি একটি সংবেদনশীল বিষয়। ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা দিতে প্রশাসন ও বন বিভাগ একযোগে কাজ করছে। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার এই ধারা অব্যাহত থাকবে।”

বিশেষ অতিথি বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় বাসিন্দাদের সচেতনতা ও সহযোগিতা কামনা করেন। পাশাপাশি অনুদানের অর্থ যথাযথভাবে ব্যবহারের জন্য ক্ষতিগ্রস্তদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিতরণ করা অনুদানের মধ্যে চুনতি ইউনিয়নের কুলপাগলী এলাকার আব্দুস ছালাম পেয়েছেন ৫০ হাজার টাকা, মিরিখীল এলাকার জাহাঙ্গীর আলম ৪০ হাজার টাকা, দারোগা পাড়ার শাহাদাত হোছাইন ৩৫ হাজার টাকা এবং বাঁশবাড়িয়া পাড়ার ওবাইদুল ইসলাম পেয়েছেন ২৫ হাজার টাকা। অন্যদিকে, কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকার সাইফুল ইসলাম পেয়েছেন ১ লাখ টাকা।

অনুষ্ঠান শেষে অতিথিরা উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক তুলে দেন। একই সঙ্গে বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে স্থানীয় জনগণকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD