চট্টগ্রামের হালিশহরে ভোররাতে পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে বড়পোল এলাকার পুলিশ বক্সে এ ঘটনা ঘটে। এতে বক্সটির জানালার কিছু অংশ পুড়ে গেছে। আগুনের ধোঁয়ায় ভেতর ও বাইরের দেয়াল কালো হয়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা পুলিশ বক্সের জানালার বাইরে থেকে আগুন দেওয়ার চেষ্টা করে। এতে জানালার একাংশ পুড়ে যায়। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ায় পুলিশ বক্সের ভেতরের পাশাপাশি বাইরের দেয়ালও কালো হয়ে যায়। তবে আগুন বড় আকার ধারণ করার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা পুলিশ বক্সটিতে আগুন দিয়েছিল। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় পুলিশ বক্সসহ সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা এবং অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছে।
গত ১৯ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি চলাকালে নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে মুরাদপুর এলাকায় ট্রাফিক পুলিশের আরেকটি বক্সেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফলে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।








