চট্টগ্রামে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রশিক্ষণ ‘গার্ডিয়ান শার্ক-১’ সম্পন্ন

দুর্যোগ মোকাবিলা, জরুরি উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে আয়োজিত বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি ‘এক্সারসাইজ গার্ডিয়ান শার্ক-১’ সফলভাবে সম্পন্ন হয়েছে। এ প্রশিক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ডের ১৪ জন সদস্য অংশ নেন।
বিজ্ঞাপন
গত ২ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম কোস্ট গার্ড বেইসে এ আন্তর্জাতিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
প্রশিক্ষণ শেষে আয়োজিত সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত উপ-মিশন প্রধান মিস ট্রিশিতা মওলা। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, যৌথ এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী সদস্যদের পেশাগত দক্ষতা ও কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দুর্যোগের সময় জরুরি উদ্ধার এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে।
এ উদ্যোগের ফলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক আস্থা, নিরাপত্তা সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রও আরও বিস্তৃত হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
সংস্থাটি আরও জানায়, বাংলাদেশ কোস্ট গার্ডের কার্যক্রম পরিচালনার সক্ষমতা জোরদার এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের দক্ষ করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।








