বিজিবির সমন্বয়ে দহগ্রামে পৌঁছাল ট্রাক, শুরু হলো সড়ক সংস্কার

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিচ্ছিন্ন হয়ে পড়া লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা এলাকার প্রধান সড়কের জরুরি মেরামতকাজ শুরু হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগ ও সমন্বয়ের মাধ্যমে মেরামত সামগ্রীবাহী ট্রাক বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় দহগ্রামে প্রবেশের অনুমতি পাওয়ার পরই সংস্কার কার্যক্রম শুরু হয়।
বিজ্ঞাপন
এর আগে বৃহস্পতিবার সকালে সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও তীব্র পানির স্রোতে দহগ্রাম-আঙ্গরপোতার ‘সিস্টায়ার বাজার’ এলাকার প্রধান পাকা সড়কের একটি বড় অংশ ধসে পড়ে। এতে প্রায় ১০ ফুট গভীর খাদ সৃষ্টি হয় এবং অন্তত দুই হাজার পরিবারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়দের দুর্ভোগ লাঘবে লালমনিরহাট সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জরুরি ভিত্তিতে বালুসহ প্রয়োজনীয় নির্মাণসামগ্রী পাঠানোর উদ্যোগ নেয়। তবে তিন বিঘা করিডোর দিয়ে সীমান্ত অতিক্রমের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মালামালবাহী ট্রাকটি আটকে দিলে মেরামতকাজ সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়।
পরে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে বিজিবি সীমান্ত পর্যায়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করে। রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) উদ্যোগে আলোচনার পর বিএসএফ ট্রাকটি দহগ্রামে প্রবেশের অনুমতি দেয়। এতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে এবং সংস্কারকাজ শুরু করা সম্ভব হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজিবি সূত্র জানায়, দহগ্রামের বাসিন্দাদের দুর্ভোগ ও সড়কটির জরুরি গুরুত্ব বিবেচনায় নিয়ে বিএসএফের সঙ্গে সমন্বয় করা হয়। বিজিবির অনুরোধের পর মালামালবাহী ট্রাকটি প্রবেশের অনুমতি পায়। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে বিজিবি সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করছে।
এ বিষয়ে লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী ওসমান গনি বলেন, মালামালবাহী ট্রাকটি দহগ্রামে পৌঁছানোর পরপরই ক্ষতিগ্রস্ত সড়কের জরুরি মেরামতকাজ শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটি চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্যোগ নেওয়ায় বিজিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের আশা, সংস্কারকাজ দ্রুত শেষ হলে দহগ্রাম-আঙ্গরপোতা এলাকার মানুষের স্বাভাবিক যাতায়াত ও দৈনন্দিন কার্যক্রম আবারও স্বাভাবিক হয়ে উঠবে।








