মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ-ওষুধ ও সিরাপ জব্দ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, ফেনসিডিল সিরাপ, ভায়াগ্রা ট্যাবলেট ও বিদেশি মদ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে এসব অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গয়েশপুর বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ৬৮/৪-এস এলাকার প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের উত্তরপাড়া মাঠে জাহাঙ্গীরের আমবাগানে অভিযান পরিচালনা করা হয়। হাবিলদার মো. ওলিয়ার রহমানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮ বোতল ভারতীয় সিরাপ এবং ৭ হাজার ৬২০ পিস বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।
এরপর বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১২টা ২০ মিনিটের দিকে বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/২৯-আর সংলগ্ন হুদাপাড়া গ্রামের মো. সিরাজ মিয়ার পাটক্ষেতে সুবেদার মো. আলী হোসেনের নেতৃত্বে আরেকটি অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৪৬৯ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট জব্দ করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
একই রাতে রাত ২টা ২০ মিনিটের দিকে মাধবখালী বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ৭০/৪-এস এলাকার প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধোপাখালী গ্রামের মো. রফজেলের আমবাগানে অভিযান পরিচালনা করেন হাবিলদার মো. আবুল হাসান। এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
৫৮ বিজিবি জানিয়েছে, তিনটি পৃথক অভিযানে উদ্ধার হওয়া সব মালামাল জব্দ করা হলেও ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত পণ্যগুলো আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।








