Logo

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইস্কাপ সিরাপ ও তিন গরু জব্দ

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
২৯ জুলাই, ২০২৬, ১২:০৬
সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইস্কাপ সিরাপ ও তিন গরু জব্দ
ছবি: সংগৃহীত

লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাপ সিরাপ এবং তিনটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মাদক ও গরুর মোট সিজার মূল্য ১ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ জুলাই) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২৮ জুলাই) রাত ৩টা ২০ মিনিটের দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারী এলাকায় অভিযান পরিচালনা করে বালারহাট বিওপির একটি টহল দল। বিজিবির সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে এক চোরাকারবারি ঘটনাস্থলে তার বহন করা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে একই দিন সকাল সাড়ে ৮টার দিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দিঘলটারী এলাকায় অভিযান চালায় দিঘলটারী বিওপির একটি টহল দল। এ সময় ভারতীয় সীমান্ত এলাকা থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি তিনটি গরু নিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে। বিজিবির সদস্যরা তাদের ধাওয়া দিলে তারা গরুগুলো ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তিনটি ভারতীয় গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা ৫০ বোতল ইস্কাপ সিরাপের সিজার মূল্য ২০ হাজার টাকা এবং তিনটি গরুর সিজার মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের সিজার মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা।

বিজ্ঞাপন

এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের মতো যেকোনো তৎপরতা প্রতিহত করতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরালোভাবে পরিচালনা করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD