ছেলের বিয়ের দিন বাবার জানাজা, শোকে স্তব্ধ পরিবার

পাঁচ বছর পর সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন শাহাদাত হোসেন (২৬)। বুধবার (৪ নভেম্বর) ছিল তার বিয়ের দিন। পরিবারজুড়ে চলছিল আনন্দের প্রস্তুতি। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। ছেলের বিয়ের আগের রাতে মারা যান বাবা শাহ আলম (৫৩)। ফলে বিয়ের দিনই বাবার জানাজা ও দাফন সম্পন্ন করতে হয়েছে শাহাদাতকে।
বিজ্ঞাপন
মর্মান্তিক এ ঘটনা ঘটেছে নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের পরিকোট গ্রামের বলুমুন্সি বাড়িতে। বুধবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শাহ আলমের দাফন সম্পন্ন হয়।
স্থানীয় ব্যবসায়ী নূর আফসার সজীব বলেন, বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। ওই পরিবারের খুশি মুহূর্তে বিষাদে পরিণত হলো। এখন দুঃখ প্রকাশ ছাড়া কিছুই করার নেই। বিয়ের কার্যক্রম বন্ধ রেখে মরদেহ দাফন করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী জানান, হৃদয়বিদারক খবরটি শুনেছি। ছেলের গায়েহলুদের দিনে বাবা মারা গেছেন। আমরা এ ঘটনায় গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
পরিবার সূত্রে জানা গেছে, শাহ আলমের মৃত্যুর কারণে শাহাদাতের বিয়ের সব আনুষ্ঠানিকতা আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দীর্ঘ প্রতীক্ষার পর ছেলের বিয়েকে ঘিরে যে পরিবারে আনন্দের আয়োজন চলছিল, সেখানে এখন নেমে এসেছে শোকের ছায়া।








