Logo

আত্মসমর্পণকারী চরমপন্থীদের তথ্যে সিরাজগঞ্জ-পাবনায় উদ্ধার বিপুল অস্ত্র

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
৪ নভেম্বর, ২০২৬, ১৭:২৯
আত্মসমর্পণকারী চরমপন্থীদের তথ্যে সিরাজগঞ্জ-পাবনায় উদ্ধার বিপুল অস্ত্র
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। আত্মসমর্পণকারী চরমপন্থী সর্বহারা দলের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং আটটি ওয়াকিটকি সেট।

বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গায় এসআরবি-১২-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমান মিয়া।

তিনি জানান, সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনার সাঁথিয়া ও আতাইকুলা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম আত্মসমর্পণকারী চরমপন্থীদের হেফাজতে ছিল।

বিজ্ঞাপন

ব্যাটালিয়ন অধিনায়ক আরও জানান, গত ১ নভেম্বর সিরাজগঞ্জ সদর দপ্তরে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার চরমপন্থী সর্বহারা দলের ৬৫ জন সদস্য আত্মসমর্পণ করেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাত থেকেই অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লুকিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD