বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ঢাকার ধামরাইয়ে বিদ্যুৎ লাইনের উন্নয়ন ও জরুরি মেরামত কার্যক্রমের কারণে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ কেভি লাইনের তার আপগ্রেডেশন ও রক্ষণাবেক্ষণের জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকতে হবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ও শিল্পপ্রতিষ্ঠানকে।
বিজ্ঞাপন
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল অফিস থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ভাড়ারিয়া (একমি) ৩৩ কেভি লাইন এবং ধামরাই উপকেন্দ্রের ১, ৩, ৮, ৯ ও ১০ নম্বর ফিডারের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার তালিকায় রয়েছে ছোট চন্দ্রাইল, বড়চন্দ্রাইল, খাতরা, ছয়বাড়ীয়া, বাড়ীগাঁও, বাশাইল, কুল্লা, জলসীন, তালতলা, ইসলামপুর, কুমরাইল, হাসপাতাল রোড, নতুন দক্ষিণপাড়া, থানা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমিন মডেল টাউন, বরাতনগর, বরাত সেন্টার, ধানসিঁড়ি আবাসিক এলাকা ও ঢুলিভিটা।
বিজ্ঞাপন
এ ছাড়া একমি ল্যাবরেটরিজ, মুন্নু সিরামিক্স, ফ্রেম হাউস ফুটওয়্যার, বাটা সু কোং, কে এন্ড কিউ ফিলিং স্টেশন, এনএন সিএনজি, অতসী ফ্যাশন এবং কিষান গ্রুপসহ বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন জানান, গ্রাহকদের নিরাপদ, নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎসেবা দিতে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে এ কাজ করা হচ্ছে।
তিনি বলেন, “আগামীকাল ৩৩ কেভি লাইনের তার আপগ্রেডেশনসহ কিছু জরুরি মেরামত কাজ করা হবে। কাজ চলাকালীন গ্রাহকদের নিরাপত্তার স্বার্থেই সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা প্রয়োজন। আমরা চেষ্টা করব নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য আমরা গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
বিজ্ঞাপন
নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে বিকেল সাড়ে ৫টার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।








