Logo

সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় ক্ষুব্ধ মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
৪ নভেম্বর, ২০২৬, ১৮:২৮
সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় ক্ষুব্ধ মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন
ছবি: সংগৃহীত

সাংবাদিক মনজু বিজয় চৌধুরী ও এহসানুল হকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন (রেজি. নং: মৌল-০৩৮)। একই সঙ্গে মামলাটি প্রত্যাহার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

বুধবার (৪ নভেম্বর) মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের জরুরি সভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভা শেষে সংগঠনের সভাপতি জাফর ইকবাল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মাহমুদুর রহমান যৌথ বিবৃতিতে সংগঠনের অবস্থান তুলে ধরেন।

বিবৃতিতে বলা হয়, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী এবং সম্প্রতি বদলিপ্রাপ্ত ডা. সিনথিয়া তাসনিম সাংবাদিক মনজু বিজয় চৌধুরী ও এহসানুল হকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন। বর্তমানে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন।

সংগঠনটির বিবৃতিতে আরও বলা হয়, সরকারি কর্মকর্তাদের কর্মকাণ্ড এবং জনস্বার্থসংশ্লিষ্ট অনিয়মের বিষয়ে তথ্যনির্ভর সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। কিন্তু সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের পরিবেশের জন্য উদ্বেগজনক।

বিজ্ঞাপন

বিশেষ করে স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে সাংবাদিকদের প্রশ্ন তোলার সুযোগ বাধাগ্রস্ত হলে সাধারণ মানুষের তথ্য জানার অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ পরিস্থিতিতে সাংবাদিক মনজু বিজয় চৌধুরী ও এহসানুল হকের বিরুদ্ধে দায়ের করা মামলাকে হয়রানিমূলক হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন।

একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মামলাটি প্রত্যাহার এবং পুরো ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD