Logo

লক্ষ্মীপুরে আগুনে পুড়ল বেদেপল্লির ২ ঘর, নিঃস্ব ৯ পরিবার

profile picture
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর
৪ নভেম্বর, ২০২৬, ১৬:৩৬
লক্ষ্মীপুরে আগুনে পুড়ল বেদেপল্লির ২ ঘর, নিঃস্ব ৯ পরিবার
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর পৌর এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া আগুনে বেদে সম্প্রদায়ের দুটি বসতঘরের ১১টি কক্ষ পুড়ে গেছে। এতে নয়টি পরিবারের আসবাবপত্র, পোশাক ও মূল্যবান সামগ্রীসহ সবকিছু আগুনে নষ্ট হয়েছে। অগ্নিকাণ্ডে শিকলে বাঁধা একটি বানরও পুড়ে মারা গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ইসমাত আরা নামে এক নারী।

বিজ্ঞাপন

বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর গ্রামের নির্বাচন অফিসের পেছনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রওশন আলীর ঘরে তাঁর পুত্রবধূ সোনিয়া গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করছিলেন। এ সময় সিলিন্ডারের মুখে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ঘরে ছড়িয়ে পড়ে। পরে সিলিন্ডার বিস্ফোরিত হলে আশপাশের ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, অগ্নিকাণ্ডে দুই ব্যক্তির মালিকানাধীন দুটি ঘরের মোট ১১টি কক্ষ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ থেকে ১২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দাবি, স্বর্ণালংকারসহ তাঁদের ৪০ লাখ টাকারও বেশি সম্পদ আগুনে পুড়ে গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আগুন নেভানোর সময় মাথার ওপর কাঠ পড়ে ইসমাত আরা নামে এক নারী আহত হন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেকসহ প্রশাসনের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

এদিকে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা তাঁদের মধ্যে ঢেউটিন, পোশাক ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD