পদোন্নতি ও অর্গানোগ্রাম অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকে মানববন্ধন

দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়া, পদবি পরিবর্তন ও সাংগঠনিক কাঠামোর (অর্গানোগ্রাম) অনুমোদন আটকে থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। এসব সমস্যার দ্রুত সমাধান চেয়ে দেশের বিভিন্ন শাখা ও জেলা কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন তাঁরা। দাবি বাস্তবায়নে বিলম্ব হলে ব্যাংকের কার্যক্রমে গতিশীলতা ও কর্মীদের কাজের আগ্রহ কমে যাওয়ার আশঙ্কাও জানিয়েছেন আন্দোলনকারীরা।
বিজ্ঞাপন
বুধবার (৪ নভেম্বর) ব্যাংকটির বিভিন্ন শাখা ও জেলা কার্যালয়ে একযোগে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর দশমিনা শাখার কর্মকর্তা-কর্মচারীরাও এতে অংশ নিয়ে তাঁদের দীর্ঘদিনের দাবিগুলো তুলে ধরেন।
মানববন্ধনে বক্তারা জানান, ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের ধারাবাহিকতায় ২০১৪ সালে পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশের ৪৯২টি উপজেলায় ব্যাংকটির ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রায় ১১ হাজার কর্মকর্তা-কর্মচারী গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করছেন। অথচ দীর্ঘ সময় ধরে অনেক কর্মকর্তা-কর্মচারী পদোন্নতি ও পদবি পরিবর্তনের সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন। একই পদে যোগ দিয়ে বছরের পর বছর একই পদে দায়িত্ব পালন করতে হচ্ছে তাঁদের।
বক্তারা বলেন, দীর্ঘদিন পদোন্নতি না হওয়ায় কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে এবং কর্মস্পৃহা কমছে। যোগ্যতা, অভিজ্ঞতা ও চাকরির মেয়াদ যথাযথভাবে মূল্যায়িত না হওয়ায় অসন্তোষ বাড়ছে। এর প্রভাব ব্যাংকের প্রশাসনিক শৃঙ্খলা, দক্ষ জনবল ব্যবস্থাপনা ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তাঁদের মতে, ব্যাংকের কার্যক্রম ও জনবল সম্প্রসারিত হলেও সে অনুযায়ী পদোন্নতির ব্যবস্থা এবং সাংগঠনিক কাঠামোর আধুনিকায়ন হয়নি। ফলে কর্মীদের পেশাগত অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩২৩তম সভায় নাম পরিবর্তনের প্রস্তাব গ্রহণ করা হয়। পরে ২০২৪ সালের ১৩ নভেম্বর প্রস্তাবটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়।
বিজ্ঞাপন
এ ছাড়া পদোন্নতির সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ১৩৯তম সভায় অনুমোদিত সাংগঠনিক কাঠামো আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়। কিন্তু একাধিক বৈঠক ও আলোচনা সত্ত্বেও প্রস্তাবিত অর্গানোগ্রাম এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি।
এ পরিস্থিতিতে দ্রুত সাংগঠনিক কাঠামো অনুমোদন, পদোন্নতি কার্যক্রম চালু, পদবি পরিবর্তন এবং দীর্ঘদিনের পেশাগত বঞ্চনা দূর করার দাবি জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাঁদের বক্তব্য, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যাংকের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং কর্মীদের দায়িত্ব পালনে আগ্রহ ও উৎসাহ বাড়বে।
দশমিনা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন পল্লী সঞ্চয় ব্যাংকের সিবিএ বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মো. মহিবুর রহমান, সিবিএ পটুয়াখালী জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রহমতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম ও সিনিয়র সহকর্মী মো. আমিনুল ইসলামসহ শাখার কর্মকর্তা-কর্মচারী ও নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
মানববন্ধন থেকে বক্তারা প্রস্তাবিত সাংগঠনিক কাঠামোর দ্রুত অনুমোদন এবং পদোন্নতি ও পদবি পরিবর্তনের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।








