Logo

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
১৮ অক্টোবর, ২০২৬, ১৫:০১
সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন
ছবি: সংগৃহীত

নেত্রকোণার দুর্গাপুরে গুলিতে নিহত বেসরকারি আইপি টেলিভিশন চ্যানেল ‘রূপসী বাংলা’র জেলা প্রতিনিধি সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে কেন্দুয়া-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় সাংবাদিকেরা অংশ নেন।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাখাল বিশ্বাস, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, সিনিয়র সদস্য হারেছ উদ্দিন ফকির, বিজয় রজক ও আশরাফ উদ্দিন ভূইয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য মুজিবুর রহমান কিবরিয়া, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বাঙ্গালী, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরা আক্তার লিলি, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকার এবং সাংবাদিক সালাউদ্দিন সালামসহ অন্যরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটন করতে হবে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার পাশাপাশি তাঁদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাংবাদিক হত্যার ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে অপরাধীদের আইনের আওতায় আনারও আহ্বান জানান তাঁরা।

বিজ্ঞাপন

নিহত আলিফের পরিবারের প্রসঙ্গ তুলে বক্তারা বলেন, তাঁর দুটি ছোট সন্তান রয়েছে। স্বামীর মৃত্যুর পর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তাঁর স্ত্রী। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি সন্তানদের ভরণপোষণ ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে কেন্দুয়া প্রেসক্লাব এ কর্মসূচির আয়োজন করে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD