Logo

নোয়াখালী হাতিয়ায় জেলে পরিবারের মধ্যে চাল বিতরণের উদ্বোধন

profile picture
উপজেলা প্রতিনিধি
হাতিয়া, নোয়াখালী
১৮ অক্টোবর, ২০২৬, ১৪:৪৯
নোয়াখালী হাতিয়ায় জেলে পরিবারের মধ্যে চাল বিতরণের উদ্বোধন
ছবি: সংগৃহীত

মা ইলিশ রক্ষায় টানা ২২ দিনের নিষেধাজ্ঞায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ১৫ হাজার জেলে পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে উপজেলা মৎস্য অফিস। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার নির্ধারিত নিবন্ধিত অসহায় জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে এই চাল তুলে দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

রবিবার (১৮ অক্টোবর) চরঈশ্বর ইউনিয়নে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ। উদ্বোধনকালে ইউনিয়নের সচিব মো. হাসান ও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা চলাকালে নদীতে ও সমুদ্রে সব ধরনের মাছ ধরা পুরোপুরি বন্ধ থাকে। ফলে এ সময়ে জেলেরা কর্মহীন হয়ে পড়েন। জেলেদের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে হাতিয়া উপজেলার জন্য মোট ৩৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। জনসংখ্যা ও জেলের সংখ্যা অনুপাতে প্রতিটি ইউনিয়নে এই চাল বণ্টন করা হচ্ছে।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমান জানান, প্রতিটি ইউনিয়নে নির্ধারিত সময়ে ট্যাগ অফিসার ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের প্রত্যক্ষ তদারকিতে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে উপজেলার সবকটি ইউনিয়নে চাল বিতরণ সম্পন্ন হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD