Logo

বিকাশ এজেন্টকে কুপিয়ে ৭ লাখ টাকা ও ৪ মোবাইল ছিনতাই

profile picture
জেলা প্রতিনিধি
ঝালকাঠি
১৮ অক্টোবর, ২০২৬, ১৪:৪২
বিকাশ এজেন্টকে কুপিয়ে ৭ লাখ টাকা ও ৪ মোবাইল ছিনতাই
ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মো. সুমন মৃধা (৩৫) নামে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে ও মারধর করে ৭ লাখ ৫ হাজার টাকা এবং চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৭ অক্টোবর) রাত ৯টার পর উপজেলার বারবাকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহত সুমন মৃধা বারবাকপুর এলাকার মো. রুস্তম মৃধার ছেলে। তিনি হাজিরহাট বাজারে বিকাশ এজেন্টের ব্যবসা করেন। হামলায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁর মাথায় ছয়টি সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাত ৯টার পর দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সুমন। আবদুল খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় পার হওয়ার পর পেছন থেকে কয়েকজন ব্যক্তি তাঁর ওপর হামলা চালান। এলোপাতাড়ি মারধর ও আঘাতের একপর্যায়ে তিনি সড়কে পড়ে গেলে হামলাকারীরা তাঁর সঙ্গে থাকা সাইড ব্যাগটি নিয়ে পালিয়ে যান।

সুমনের দাবি, ব্যাগে ৭ লাখ ৫ হাজার টাকা, একটি অ্যান্ড্রয়েড ফোন ও তিনটি বাটন ফোন ছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আহত সুমন মৃধা বলেন, প্রতিদিনের মতো রাত ৯টার পরে দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছিলাম। স্কুল পার হওয়ার পর হঠাৎ পেছন থেকে এসে কয়েকজন আমাকে এলোপাতাড়ি আঘাত করতে শুরু করে। আমি হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করেও পারিনি। তারা পাঁচজন ছিল। একজন আমাকে কোপ দেওয়ার সময় মাথা নিচু করে ফেলায় আঘাতটি মাথার ওপরের অংশে লাগে।

তিনি আরও বলেন, তারা সবাই মুখে মাস্ক বা টুপি পরেছিল। আমি হাত দিয়ে তাদের পরা টুপি সরিয়ে দেওয়ার চেষ্টা করি। এ সময় তিনজনকে চিনতে পারি। তারা হলো আফজাল শরীফ, রবিউল ইসলাম বাবু হাওলাদার ও লিটক। বাকি দুজনকে চিনতে পারিনি। পরে তারা আমাকে ফেলে রেখে টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD