বাংলা কিউআরে সহজ হবে লেনদেন, সচেতনতা বাড়ানোর আহ্বান মাদারীপুরে

দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে নগদবিহীন লেনদেন জনপ্রিয় করার লক্ষ্যে মাদারীপুরে ‘এক দেশ, এক কিউআর’ স্লোগানে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় মাদারীপুর শহরের সরকারি সমন্বিত ভবনের সম্মেলনকক্ষে বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিস ও ট্রাস্ট ব্যাংক পিএলসির যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোনাল হেড মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল বিভাগের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল বিভাগের পরিচালক মো. হাফিজুর রহমান এবং অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইসলামী ব্যাংকের মাদারীপুর শাখার কর্মকর্তা আবদুর রহমান আসলাম।
বিজ্ঞাপন
সভায় বক্তব্য দেন মাদারীপুর চেম্বার অব কমার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্দ্র কিশোর সাহা, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি মো. অলিউল আহসান কাজল, সোনালী ব্যাংকের মাদারীপুর জোনাল হেড শাহাদাত হোসেন লিটু, অগ্রণী ব্যাংকের মাদারীপুর জোনাল হেড মো. আশরাফ আলী এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের মাদারীপুর জোনাল হেড মো. আলাউদ্দিন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বক্তারা বলেন, দেশের অর্থনীতিকে আরও গতিশীল, আধুনিক ও স্বচ্ছ করতে খুচরা ব্যবসা থেকে শুরু করে প্রান্তিক পর্যায় পর্যন্ত নগদবিহীন লেনদেনের প্রসার জরুরি। ‘বাংলা কিউআর’ কোডের মাধ্যমে গ্রাহকেরা বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) অ্যাপ ব্যবহার করে কোড স্ক্যানের মাধ্যমে সহজেই অর্থ পরিশোধ করতে পারবেন। এতে লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হওয়ার পাশাপাশি ব্যবসা পরিচালনায় স্বচ্ছতা বাড়বে।
বিজ্ঞাপন
তাঁরা আরও বলেন, আধুনিক ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে ‘বাংলা কিউআর’ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ ব্যবস্থার সুবিধা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ক্ষুদ্র ব্যবসায়ী, সাধারণ ক্রেতা ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ ও ফিচার প্রকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
সভায় মাদারীপুরের ২৩টি ব্যাংকের ব্যবস্থাপক ও কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনা পর্বে নগদবিহীন লেনদেন চালু ও সম্প্রসারণের বিভিন্ন চ্যালেঞ্জ এবং সেগুলো সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়।








