শনিবার খোলা থাকবে দেশের সব ব্যাংক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের ব্যাংক ছুটি সমন্বয় করতে আগামী শনিবার (১৭ অক্টোবর) দেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওই দিন ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে। কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আব্দুল মান্নানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর—মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার—দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এ ছুটির সমন্বয়ে ১৭ অক্টোবর শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বন্দর ও কাস্টমস এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা এবং বুথগুলোর কার্যক্রম সম্পর্কেও নির্দেশনা দেওয়া হয়েছে। সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটির পাশাপাশি ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটিতেও সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখতে হবে।
এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে ব্যাংকগুলো। ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট নির্দেশনার আলোকে এ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে গত ৭ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে এক দিন অতিরিক্ত ছুটি অনুমোদন করে সরকার। নির্ধারিত ছুটির তালিকায় ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি ছিল। পরে ২২ অক্টোবরও নির্বাহী আদেশে ছুটি অনুমোদন করায় টানা তিন দিনের সরকারি ছুটি নিশ্চিত হয়।
এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন। তবে ছুটি সমন্বয়ের অংশ হিসেবে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।








