খুলনায় পুলিশ কর্মকর্তাকে কোপাল ছিনতাইকারীরা

খুলনায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হয়েছেন শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে মহানগরীর কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। হামলার পর তাঁর টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তিন দুর্বৃত্ত।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান শেষে রিকশায় করে পুলিশ ক্লাবের দিকে যাচ্ছিলেন শাহ আলম। পথে কলেজিয়েট স্কুলের সামনে তিন অজ্ঞাতপরিচয় ছিনতাইকারী তাঁর রিকশার গতিরোধ করে। এ সময় তাঁর কাছে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি দুই হাতের কবজির ওপর ধারালো অস্ত্র দিয়ে কোপায় হামলাকারীরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
হামলায় গুরুতর আহত শাহ আলমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঢাকা পোস্টকে জানান, শাহ আলম খুলনা জেলা পুলিশের সার্কেল অফিসে কর্মরত। দায়িত্ব পালন শেষে সিভিল পোশাকে নদী পার হয়ে রিকশায় ফিরছিলেন তিনি। এ সময় তিন ছিনতাইকারী তাঁর পথ আটকে ধরে। বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁরা ধারালো চাকু দিয়ে তাঁর দুই হাতে আঘাত করে পালিয়ে যায়।
বিজ্ঞাপন
ওসি আরও জানান, আহত পুলিশ কর্মকর্তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।








