Logo

চান্দিনায় শিশু নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

profile picture
উপজেলা প্রতিনিধি
চান্দিনা, কুমিল্লা
১৯ অক্টোবর, ২০২৬, ২২:০৫
চান্দিনায় শিশু নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ছবি প্রতিনিধি।

কুমিল্লার চান্দিনায় ছয় বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার আসামি সানাউল্লাহ মিয়াজীকে (৬০) দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন ছাত্র ও যুব সমাজ।

বিজ্ঞাপন

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার শুহিলপুর ইউনিয়নের শালিখা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর উপজেলার শুহিলপুর ইউনিয়নের শালিখা মিয়াজী বাড়িতে সানাউল্লাহ মিয়াজীর দোকানে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অভিযুক্ত সানাউল্লাহ মিয়াজী তাঁর দোকানে নিয়ে শিশুটির ওপর যৌন নির্যাতন চালায়। ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে না জানিয়ে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত ব্যক্তি এলাকা থেকে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের সাত দিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় সচেতন ছাত্র ও যুব সমাজের সদস্যরা। তাঁরা শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ বিচার নিশ্চিত করার দাবি জানান।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, শিশুদের প্রতি এ ধরনের অপরাধের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় কোনো ধরনের সামাজিক প্রভাব বা সালিশের মাধ্যমে আইনি প্রক্রিয়া ব্যাহত হওয়া উচিত নয়। তাঁরা কুমিল্লার পুলিশ সুপার ও চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং তদন্ত শেষে আদালতের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট সমাজকর্মী মো. শরীফ হোসেন, ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মাসুম বিল্লাহ, ছাত্রনেতা রহমত উল্লাহ শাওন, মো. আলী মুন্সী, রায়হান উদ্দিন হেলাল, মোজাম্মেল হক, সাইদুল, রাব্বি ও নাইমসহ স্থানীয় ছাত্র ও যুব সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, শিশুর সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করা সবার দায়িত্ব। তাঁরা প্রশাসনের প্রতি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD