Logo

নেছারাবাদে ১০২টি পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার বিতরণ

profile picture
উপজেলা প্রতিনিধি
নেছারাবাদ, পিরোজপুর
১৯ অক্টোবর, ২০২৬, ২২:৪১
নেছারাবাদে ১০২টি পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার বিতরণ
ছবি প্রতিনিধি।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে উপজেলার ১০২টি পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান ও উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমাবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় নেছারাবাদ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নেছারাবাদ উপজেলার ১০২টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহারসামগ্রী প্রদান করা হয়েছে। দুর্গাপূজার আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এ আনন্দ আমাদের সবার। এ দেশ আমাদের সবার, আর এ দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আপনারা যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন, আপনারা এ দেশের নাগরিক। বিগত নির্বাচনে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দেওয়ায় আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনেও আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।

তিনি শারদীয় দুর্গাপূজার তাৎপর্য তুলে ধরে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। ধর্ম যার যার, উৎসব সবার—এ চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে মিলেমিশে শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. ফখরুল আলম, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আলহাজ আবদুল্লাহ আল বেরুনী সৈকত, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাসির তালুকদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মানিক, স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি আলহাজ কাজী কামাল, সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলার ১০২টি পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে আর্থিক অনুদান ও উপহারসামগ্রী বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সহায়তা দুর্গাপূজার আয়োজনকে আরও সুন্দর ও উৎসবমুখর করতে ভূমিকা রাখবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD