চট্টগ্রামে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাগজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন ওই এলাকার মো. ইয়াকুবের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে কাগজীপাড়া এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সরবরাহ লাইনের একটি তার ছিঁড়ে পড়ে। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন ইমন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হালিমা জানান, ইমনকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।
স্থানীয় যুবদল নেতা মামুনুর রশীদ অভিযোগ করেন, বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে পিডিবি কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। ঘটনাস্থলে পিডিবির কর্মচারীরা উপস্থিত থাকলেও সময়মতো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করায় এ দুর্ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
তবে পটিয়া পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. রেজাউন্নবী বলেন, পিডিবিকে না জানিয়ে গাছের ডালপালা কাটার সময় বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে যায়। খবর পাওয়ার পরপরই পিডিবির কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তার দাবি, এ সময় ইমন সচল বিদ্যুৎ লাইনের তারে হাত দেওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
ঘটনাটি ঘিরে বিদ্যুৎ সরবরাহ লাইনের নিরাপত্তা ও সময়মতো সংযোগ বিচ্ছিন্ন করা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।








