শাহজাদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাত বছর বয়সী প্রথম শ্রেণির এক ছাত্রীকে ফুসলিয়ে বাড়িতে ডেকে নিয়ে শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে মো. আব্দুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার পোরজোনা ইউনিয়নের চরবাচরা নতুনপাড়া গ্রামের মৃত এশারত আলীর ছেলে।
বিজ্ঞাপন
এ ঘটনায় শিশুটির মা মোছা. নুরুন্নাহার খাতুন (৩৯) বাদী হয়ে রবিবার (১৯ অক্টোবর) শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুর রহমান ও শিশুটির পরিবারের বাড়ি একই গ্রামে পাশাপাশি। অভিযোগ অনুযায়ী, স্কুলে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে তিনি শিশুটিকে উত্ত্যক্ত করতেন এবং কুপ্রস্তাব দিতেন। বিষয়টি আগে একাধিকবার অভিযুক্ত ও তাঁর পরিবারের সদস্যদের জানানো হলেও তারা গুরুত্ব দেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, গত ১৩ অক্টোবর বিকেল আনুমানিক ৩টার দিকে শিশুটি নিজেদের বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত তাকে ফুসলিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে শিশুটিকে বিভিন্ন কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি অশালীন অঙ্গভঙ্গি ও স্পর্শের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
বিজ্ঞাপন
অভিযোগ অনুযায়ী, শিশুটি রাজি না হলে তাকে জোর করে ঘরের ভেতরে বিছানায় ফেলে পোশাক খুলে দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে নির্যাতন চালানোর অভিযোগও রয়েছে।
একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে অভিযুক্ত তাকে ছেড়ে দিলে সে দৌড়ে নিজেদের বাড়িতে ফিরে যায় এবং পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। পরে স্বজন ও স্থানীয় সাক্ষীদের সঙ্গে আলোচনা করে শিশুটির মা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।








