Logo

প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রাজশাহী: ভূমিমন্ত্রী মিনু

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
১৯ অক্টোবর, ২০২৬, ১৪:৫৮
প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রাজশাহী: ভূমিমন্ত্রী মিনু
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাজশাহী সফর ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে নগরজুড়ে। মঙ্গলবার (২০ অক্টোবর) তাঁর আগমন উপলক্ষে ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভা এবং শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাজশাহীবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি।

বিজ্ঞাপন

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রস্তুতির সর্বশেষ অগ্রগতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ভূমিমন্ত্রী। তিনি জানান, অল্প সময়ের মধ্যে আয়োজনের প্রস্তুতি নিতে হলেও স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আবেগ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও প্রধানমন্ত্রীর আগমন নিয়ে আশাবাদী।

মিজানুর রহমান মিনু বলেন, উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকদের স্বার্থকে গুরুত্ব দিয়ে এবারের সফরে আখচাষিদের জন্য প্রধানমন্ত্রী বিশেষ বার্তা দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান হিসেবে তারেক রহমানের এই আগমন স্থানীয় মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের মধ্য দিয়ে তারেক রহমান দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন বলেও দাবি করেন তিনি।

রাজশাহীবাসীর দাবিগুলোর মধ্যে রয়েছে বীজ সংরক্ষণের কার্যকর ব্যবস্থা গ্রহণ, রাজশাহী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা, কৃষিভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত শেষ করা এবং পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। পাশাপাশি রাজশাহী নগরীকে আনুষ্ঠানিকভাবে ‘শিক্ষা নগরী’ ঘোষণা করার দাবিও রয়েছে।

বিজ্ঞাপন

শিল্পমন্ত্রী ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের উপস্থিতিতে এসব দাবি উত্থাপনের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন।

এদিকে সোমবার ঐতিহাসিক মাদরাসা মাঠ পরিদর্শন করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী সফর ঘিরে মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, রাজশাহীবাসী প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে নগরীতে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। কয়েকটি প্রকল্প সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাহফুজুর রহমান রিটন দাবি করেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে রাজশাহীতে আসছেন। এ সফরের সিদ্ধান্ত নেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

বিজ্ঞাপন

এর আগে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ ঐতিহাসিক মাদরাসা মাঠে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি পরিদর্শন করেন।

এদিন মাঠ পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, আরএমপি কমিশনার ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। তাঁরা প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মাঠের প্রস্তুতি ও সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে রাজশাহীতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। স্থানীয় নেতাদের প্রত্যাশা, সফরে উন্নয়নসংক্রান্ত দাবি তুলে ধরার পাশাপাশি উত্তরাঞ্চলের কৃষি, শিক্ষা ও অবকাঠামোগত অগ্রগতির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD