শেষ মুহূর্তে পণ্ড হয়ে গেল আমির হামজার মাহফিল

রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসির মাহফিল শেষ মুহূর্তে আয়োজন করা সম্ভব হয়নি। উপজেলা প্রশাসনের অনুমতি না পাওয়ায় সোমবার (১৯ অক্টোবর) বিকেলে গোদাগাড়ী মহিলা কলেজ মাঠে অনুষ্ঠেয় এ মাহফিল বাতিল করেছেন আয়োজকেরা।
বিজ্ঞাপন
রবিবার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন মাহফিলের আয়োজক সংগঠন মানব কল্যাণ পরিষদের সভাপতি ইসমাইল হক। তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে মাহফিল বন্ধ রাখার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। এ কারণে আমন্ত্রিত অতিথিদের ফোন করে অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আয়োজকেরা জানান, মাহফিল উপলক্ষে গত কয়েক দিন ধরে গোদাগাড়ী, আশপাশের এলাকা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে ব্যাপক প্রচার চালানো হয়েছিল। অনুষ্ঠান আয়োজনের জন্য মাঠে বড় প্যান্ডেল তৈরির কাজও চলছিল। তবে প্রশাসনের অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত আয়োজনটি বন্ধ করতে হয়েছে। ইতোমধ্যে প্যান্ডেলও গুটিয়ে ফেলা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মানব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ তাফসিরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করার কথা ছিল রেলবাজার দারুস সুন্নাহ ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার অধ্যক্ষ আবু মুহাম্মদ বজলুর রহমান মাদানীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমানের নাম ঘোষণা করা হয়েছিল। স্থানীয় জামায়াত নেতা ওবাইদুল্লাহকে অতিথি এবং মুফতি আমির হামজা এমপিকে প্রধান আলোচক হিসেবে ব্যানার ও পোস্টারে উল্লেখ করা হয়। আমির হামজাও মাহফিলে উপস্থিত থাকার সম্মতি দিয়েছিলেন বলে আয়োজকেরা জানান।
বিজ্ঞাপন
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, মাহফিলের অনুমতি চেয়ে গত ১৩ অক্টোবর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর আবেদন করা হয়। পরে শনিবার সকালে আয়োজকেরা ইউএনওর সঙ্গে দেখা করে অনুমতির বিষয়ে জানতে চান। এ সময় পুলিশি প্রতিবেদন না পাওয়ায় অনুমতি দেওয়া সম্ভব নয় বলে তাঁদের জানানো হয়।
মানব কল্যাণ পরিষদের সভাপতি ইসমাইল হক বলেন, শনিবার সকালে ইউএনওর সঙ্গে সাক্ষাৎকালে তাঁকে জানানো হয়, মাহফিলের নিরাপত্তা বিষয়ে পুলিশের প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন ছাড়া অনুমতি দেওয়া সম্ভব নয় বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। এ পরিস্থিতিতে আয়োজকেরা ধরে নেন, মাহফিলের অনুমতি পাওয়া যাবে না। পরে অতিথিদের ফোন করে দুঃখ প্রকাশের পাশাপাশি অনুষ্ঠান বাতিলের বিষয়টি জানানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া এ ধরনের সমাবেশের অনুমতি দেওয়ার নিয়ম নেই। বিশেষ করে যেখানে বিপুলসংখ্যক মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে নিরাপত্তা যাচাই জরুরি। এ বিষয়ে পুলিশের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন না আসা পর্যন্ত অনুমতির বিষয়ে সিদ্ধান্ত জানানো সম্ভব নয়।
এদিকে মুফতি আমির হামজার তাফসির মাহফিল নিয়ে পুলিশের অবস্থান জানতে চাইলে রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদ জানান, বিষয়টি তাঁর জানা নেই। উপজেলা বা জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের কাছে কোনো প্রতিবেদন চাওয়া হয়ে থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।








