প্রধানমন্ত্রীর সফর ঘিরে বর্ণিল সাজে সেজেছে সৈয়দপুর শহর

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে চলছে ব্যাপক সাজসজ্জা ও পরিচ্ছন্নতা কার্যক্রম। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের একটি মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।
বিজ্ঞাপন
সোমবার (১৯ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দর সড়ক ও শহরের বিভিন্ন এলাকা ঘুরে সাজসজ্জার এমন চিত্র দেখা যায়। সড়কের পাশে টাঙানো হচ্ছে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন। পাশাপাশি সড়কের বিভিন্ন স্থানে রং করা, সৌন্দর্যবর্ধন এবং ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ চলছে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেখান থেকে সড়কপথে রংপুর নগরীর মন্দিরে যাবেন তিনি। বেলা ১১টার দিকে মন্দিরটি পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে যাত্রা করবেন। পরে রাজশাহী থেকে চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতির বিষয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দর হয়ে সড়কপথে রংপুরে যাবেন। তাঁর আগমন ঘিরে তাঁরা উচ্ছ্বসিত এবং তাঁকে বরণ করে নিতে প্রস্তুত।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার বলেন, প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সড়কপথে রংপুরে যাবেন এবং সেখানে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে রওনা দেবেন তিনি। এ উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তাঁরা নিজেদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌরসভার ওপর দিয়ে রংপুরে যাবেন। এ উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্থানে রং করা, সড়কের ডিভাইডার মেরামত এবং ময়লার স্তূপ বালু দিয়ে ঢেকে দেওয়ার কাজ চলছে।
বিজ্ঞাপন
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সফর ঘিরে সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে।








