Logo

সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লি ঘুরলেন মার্কিন রাষ্ট্রদূত

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
১৯ অক্টোবর, ২০২৬, ১৫:৫১
সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লি ঘুরলেন মার্কিন রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে প্রতিনিধি দল নিয়ে তিনি এসব ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন।

বিজ্ঞাপন

এ সময় পানাম নগরীর পরিবেশ ও পরিচ্ছন্নতা এবং জামদানি শিল্পীদের হাতে তৈরি শাড়ির নকশা ও কারুকাজ দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রাষ্ট্রদূত প্রথমে ঐতিহাসিক পানাম নগরী পরিদর্শন করেন। সেখানে তিনি নগরীর বিভিন্ন পুরোনো ভবন ঘুরে দেখেন। পরে সকাল ৯টার দিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কারুপল্লিতে অবস্থিত জামদানি পল্লিতে যান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম জানান, জামদানি পল্লিতে তাঁতশিল্পীদের হাতে তৈরি শাড়ির কারুকাজ দেখে মার্কিন রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেছেন। তবে সময়ের স্বল্পতার কারণে তিনি বড় সরদার বাড়ি ও ফাউন্ডেশনের জাদুঘর ঘুরে দেখতে পারেননি। ভবিষ্যতে আবারও সেখানে আসার আগ্রহের কথা জানিয়েছেন।

পানাম নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান বলেন, রাষ্ট্রদূত অল্প সময়ের জন্য পানাম নগরীতে অবস্থান করেন। তিনি পরিবারের সদস্যদের নিয়ে সেখানে এসেছিলেন।

বিজ্ঞাপন

তাঁর ভাষ্য অনুযায়ী, সফরটি মূলত পারিবারিক ছিল। রাষ্ট্রদূত নগরীর ৩৩ নম্বর ভবন থেকে পরিদর্শন শুরু করে বিভিন্ন ঐতিহাসিক ভবন ঘুরে দেখেন। এ সময় পানাম নগরীর পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূতের প্রতিনিধি দলে ছিলেন ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং মার্কিন দূতাবাসের ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আব্দুল বারিকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

ঐতিহাসিক স্থাপনা, লোকজ ঐতিহ্য ও জামদানি শিল্পের জন্য পরিচিত সোনারগাঁয়ের এসব স্থাপনা পরিদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও কারুশিল্প সম্পর্কে জানার সুযোগ পান মার্কিন রাষ্ট্রদূত।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD