আগামীকাল খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা সফরে যাচ্ছেন। এ সফরে বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো খুলনা নগরী। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নগরজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। রূপসার কুদির বটতলা থেকে খুলনা জেলা স্টেডিয়াম পর্যন্ত সড়কের দুই পাশে সাধারণ মানুষের উপস্থিতি থাকবে বলে আশা করা হচ্ছে। ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত স্থানীয় বাসিন্দারা।
সফর উপলক্ষে নগরীর বিভিন্ন দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে খুলনা অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার চিত্র। গ্রাফিতিতে স্থান পেয়েছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ এবং মোংলা বন্দরের দৃশ্য। পাশাপাশি এ অঞ্চলের খ্যাতিমান বিজ্ঞানী, শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিদের অবদানও তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে বুধবার (৪ নভেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম।
বিজ্ঞাপন

তিনি বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে আগামী দিনে তরুণদের সামনে খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের নতুন সুযোগ তৈরি হবে। যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারলে তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সক্ষম হবে।
প্রধানমন্ত্রীর খুলনা সফর প্রসঙ্গে রকিবুল ইসলাম বলেন, নির্বাচনের পর তারেক রহমানের প্রথম খুলনা সফর ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। এ সফরের মাধ্যমে দেশের অন্যান্য অঞ্চলের মতো খুলনাতেও উন্নয়নের নতুন গতি সঞ্চার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন মিল-কারখানা পুনরায় চালুর মাধ্যমে প্রধানমন্ত্রী হাজারো শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। পাশাপাশি খুলনা অঞ্চলে শিল্পায়ন, গ্যাস ও বিদ্যুৎ খাতের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। মোংলা বন্দরের আধুনিকায়ন ও অগ্রগতির সঙ্গে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত। খুলনার পুরোনো ‘স্পোর্টস সিটি’ পরিচিতি ও ক্রীড়াঙ্গনের গৌরব ফিরিয়ে আনার ওপরও গুরুত্ব দেন তিনি।
বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহফুজুল আলম খান জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরে অংশ নিতে ইতোমধ্যে প্রায় ১৬ লাখ ২৩ হাজার অনলাইন নিবন্ধন সম্পন্ন হয়েছে। প্রথম আসরে নিবন্ধিত প্রতিযোগীর সংখ্যা ছিল ১ লাখ ৬৮ হাজার। এবারের প্রতিযোগিতায় মোট ১০টি ইভেন্ট রাখা হয়েছে।
তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠের পাশাপাশি দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। চলতি বছরেই এক হাজার ইউনিয়নে এ উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা চলছে। এ ছাড়া চলমান অর্থবছরে খুলনা বিভাগীয় স্টেডিয়ামের উন্নয়নকাজ শুরুর আশাবাদ ব্যক্ত করেন তিনি। খুলনা জেলা স্টেডিয়ামের অবশিষ্ট অংশে গ্যালারি নির্মাণের উদ্যোগও নেওয়া হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

এর আগে বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি আবার একই স্থানে এসে শেষ হয়। এতে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, কেডিএ চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে খুলনাবাসীর প্রত্যাশা বেড়েছে। বিশেষ করে নগরীর অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন, ক্রীড়াঙ্গনের পুনর্জাগরণ এবং নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।








