২১ বছর পর বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘ ২১ বছর পর বাগেরহাট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৫ নভেম্বর রাষ্ট্রীয় সফরে জেলায় গিয়ে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বাগেরহাটজুড়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
তারেক রহমানের সফরকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বাগেরহাট শহরসহ বিভিন্ন এলাকায় চলছে প্রচার-প্রচারণা ও নানা প্রস্তুতি। জেলা ছাত্রদল, যুবদলসহ বিএনপির বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রীর আগমনের খবর পৌঁছে দিচ্ছে।
এর আগে ২০০৬ সালে বাগেরহাটের খানজাহান আলী কলেজ মাঠে ছাত্রদলের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছিলেন তারেক রহমান। তখন তাঁর মা বেগম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী ছিলেন। বিএনপির সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে সে সময় দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক সফর করেন তিনি। বাগেরহাটে ওই সফরে ছাত্রদলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং সাংগঠনিক কার্যক্রমে অংশ নেন তারেক রহমান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরবর্তী সময়ে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে দীর্ঘদিন প্রবাসে থাকতে হয় তাঁকে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। এরপর জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন জেলায় সাংগঠনিক ও রাষ্ট্রীয় সফরের ধারাবাহিকতায় এবার বাগেরহাট যাচ্ছেন তিনি।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর সফর সফল করতে জেলা ছাত্রদল ও যুবদলসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। জেলা ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ, আনন্দ মিছিল ও প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। একইভাবে জেলা যুবদলের নেতাকর্মীরাও আনন্দ মিছিল ও গণসংযোগের মাধ্যমে সফরকে স্বাগত জানাচ্ছেন।
এ ছাড়া জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেনের পক্ষ থেকেও সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রীর আগমনের বার্তা পৌঁছে দিতে পৃথক টিম কাজ করছে।
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ২১ বছর আগে আমরা খানজাহান আলী কলেজ মাঠে তৃণমূল প্রতিনিধি সম্মেলন করেছিলাম। তখন তারেক রহমানের খুব কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছিল। দীর্ঘ সময় পর আবারও তিনি বাগেরহাটে আসছেন, বিষয়টি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তার আগমনকে কেন্দ্র করে যুবদলের নেতাকর্মীদের মধ্যে আলাদা ধরনের উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
বিজ্ঞাপন
জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন বলেন, তারেক রহমান শুধু আমাদের প্রধানমন্ত্রী নন, তিনি আমাদের দলের অভিভাবক। তার আগমনকে কেন্দ্র করে বাগেরহাটের সব পর্যায়ের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। আশা করছি, তার আগমনকে ঘিরে গোটা বাগেরহাট জনস্রোতে পরিণত হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রাসেল বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ছাত্রদল অতীতের মতোই ঐক্যবদ্ধভাবে প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার সফর সফল করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।
জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আল মামুন বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। আশা করছি, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বাগেরহাট শহর নেতাকর্মী ও সাধারণ মানুষের মিলনমেলায় পরিণত হবে।








