Logo

দেশে ফেরার আক্ষেপ নিয়েই শেষ নিশ্বাস ত্যাগ করেন বাবা: ইশরাক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর, ২০২৬, ১৪:৫৯
দেশে ফেরার আক্ষেপ নিয়েই শেষ নিশ্বাস ত্যাগ করেন বাবা: ইশরাক
ছবি: সংগৃহীত

বিএনপির প্রয়াত নেতা, বীর মুক্তিযোদ্ধা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা জীবনের শেষ পাঁচ বছর দেশে ফিরতে পারেননি। বাবা-মায়ের কবর শেষবারের মতো দেখা এবং এলাকার মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে না পারার বেদনা নিয়েই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

বিজ্ঞাপন

বুধবার (৪ নভেম্বর) সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন ইশরাক।

বাবার শেষ সময়ের স্মৃতিচারণা করে তিনি জানান, ২০১৯ সালের ৪ নভেম্বর নিউইয়র্কে মৃত্যুর আগে শেষ তিন-চার দিন হাসপাতালে বাবার পাশে ছিলেন। সে সময় তার বাবা খুব বেশি কথা বলতে পারতেন না। তবে বাবার চোখের দিকে তাকিয়ে তিনি বুঝতে পেরেছিলেন, মনে অনেক কষ্ট জমে ছিল।

ইশরাক বলেন, তার বাবা প্রায় ৪০ বছর এই এলাকায় রাজনীতি করেছেন। অথচ জীবনের শেষ পাঁচ বছরে দেশে ফিরতে পারেননি। নিজের বাবা-মায়ের কবর শেষবারের মতো দেখা কিংবা এলাকার মানুষের সঙ্গে সাক্ষাতের সুযোগও হয়নি তার। এই আক্ষেপ শেষ মুহূর্ত পর্যন্ত বাবাকে তাড়িয়ে বেড়িয়েছে।

বিজ্ঞাপন

ইশরাক বলেন, ‘আব্বা একটা কথা অনেক সময় বলতেন, আমার মনে হয় বাক্সবন্দি হয়ে দেশে যাইতে হবে। শেষ মুহূর্তে সেটি সত্য হয়। তিনি বাক্সবন্দি হয়ে দেশে আসেন।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এখন তিনি নিজেও রাজনীতিতে সক্রিয় এবং এলাকার মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন। এক মাসের জন্যও দেশের বাইরে থাকতে হলে দ্রুত এলাকায় ফিরে আসার তাগিদ অনুভব করবেন। অথচ তার বাবা টানা পাঁচ বছর দেশে ফিরতে পারেননি। বিষয়টি তাকে শেষ সময় পর্যন্ত কষ্ট দিয়েছে।

সাদেক হোসেন খোকার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ইশরাক বলেন, তার বাবা কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। নির্যাতিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নেও ছিলেন আপসহীন। জীবনের শেষ সময় পর্যন্ত নিজের অবস্থানে অবিচল ছিলেন তিনি।

বিজ্ঞাপন

ইশরাক জানান, মৃত্যুর আগে কথা বলার সামর্থ্য হারিয়ে ফেললেও তার বাবা খালেদা জিয়ার কথা স্মরণ করেছিলেন। বাবার আদর্শে তিনিও বিশ্বাসী। তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন এবং ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় কাজ করবেন।

বিএনপির বর্তমান নেতৃত্ব প্রসঙ্গে ইশরাক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান দেশকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পাওয়া বাংলাদেশকে পুনরুদ্ধারের উদ্যোগ চলছে। এ সময় দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের রক্ত তাদের শরীরে বহমান। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষায় তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।

বিজ্ঞাপন

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়া ও সদস্যসচিব বদরুল আলম সবুজ। এ ছাড়া বিএনপি, শ্রমিক দল, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD