Logo

২০২৭ সালে ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর, ২০২৬, ১৬:২১
২০২৭ সালে ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি
ছবি: সংগৃহীত

২০২৬ সালের মতো আগামী বছরও পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। মন্ত্রিসভার অনুমোদনের পর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকার। বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার মূল দিনে সাধারণ ছুটি থাকবে। ঈদুল ফিতরে মূল ছুটির আগে দুই দিন এবং পরে দুই দিন নির্বাহী আদেশে ছুটি দেওয়া হবে। সব মিলিয়ে এ উৎসবে ছুটি হবে পাঁচ দিন।

অন্যদিকে ঈদুল আজহার মূল দিনে সাধারণ ছুটির পাশাপাশি আগে দুই দিন ও পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ফলে এ উপলক্ষে মোট ছয় দিন ছুটি পাওয়া যাবে।

বিজ্ঞাপন

ওই কর্মকর্তা আরও জানান, শারদীয় দুর্গাপূজায় বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এতে পূজার ছুটি হবে দুই দিন।

গত ২ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। সাধারণ ছুটির ১৫ দিনের মধ্যে চার দিন এবং নির্বাহী আদেশের ১৪ দিনের মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। ফলে সব মিলিয়ে কার্যকর সরকারি ছুটির সংখ্যা দাঁড়াবে ২৯ দিন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD