Logo

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
৪ নভেম্বর, ২০২৬, ২২:১৪
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
ছবি: সংগৃহীত

মায়ের মৃত্যুর পর প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের (নিষিদ্ধ) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। জানাজা ও দাফন শেষে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৩ নম্বর ওয়ার্ডের বটতলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তাঁর মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। হাবিবের মায়ের নাম বিলকিস আমিন (৭০)। তিনি ৩ নম্বর ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকার বাসিন্দা এবং মৃত রুহুল আমিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিলকিস আমিন দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। বুধবার সকাল ৮টার দিকে নিজ বাসায় তাঁর মৃত্যু হয়। ছেলের জানাজায় অংশগ্রহণের সুযোগ করে দিতে রাতের দিকে জানাজার সময় নির্ধারণ করা হয়। পরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন হাবিব।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান জাগো নিউজকে বলেন, ‘জানাজার সময়ে আমাদের থানা পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ছিল। জানাজা শেষে তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস জাগো নিউজকে জানান, মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য বিকেল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত হাবিবকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। নির্ধারিত সময় শেষে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD