Logo

ধলা সীমান্তে পাঁচজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

profile picture
জেলা প্রতিনিধি
মেহেরপুর
৭ আগস্ট, ২০২৬, ১৪:২৮
ধলা সীমান্তে পাঁচজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ পাঁচজনকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে দায়িত্বরত বিজিবির তাৎক্ষণিক সতর্ক অবস্থান ও প্রতিরোধের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) ভোর ৪টার দিকে ধলা সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৫/৪-এস থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলা মাঠ এলাকায় ১১ ব্যাটালিয়ন বিএসএফের বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা চারজন পুরুষ ও একজন নারীকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা দ্রুত সীমান্তে সতর্ক অবস্থান গ্রহণ করলে বিএসএফের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার বলেন, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের ঘটনা ঘটতে দেওয়া হবে না। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দাদের দাবি, যাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছিল তারা এখনও ভারতীয় সীমান্তের কাঁটাতারের কাছাকাছি অবস্থান করছেন। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি এবং স্থানীয়রাও সতর্ক রয়েছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে ধলা সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের কোনো অবৈধ পুশইনের চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD