Logo

লালমনিরহাটে বিজিবির অভিযানে সিরাপ, গাঁজা ও মোটরসাইকেল জব্দ

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
৬ আগস্ট, ২০২৬, ১৩:১৬
লালমনিরহাটে বিজিবির অভিযানে সিরাপ, গাঁজা ও মোটরসাইকেল জব্দ
ছবি: সংগৃহীত

লালমনিরহাট ও কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৩৫৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৬ কেজি ভারতীয় গাঁজা এবং একটি পালসার (১৫০ সিসি) মোটরসাইকেল জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। জব্দ করা আলামতের আনুমানিক মোট মূল্য ৩ লাখ ১৩ হাজার টাকা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ আগস্ট) ১৫ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে হাতীবান্ধা উপজেলার পূর্ব আমঝোল সীমান্ত এলাকায় বনচৌকি বিওপির টহল দল একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বহন করা মালামাল ফেলে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৩৫৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ উদ্ধার ও জব্দ করা হয়।

এর আগে বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মধ্যটারী এলাকায় গোড়কমন্ডল বিওপির সদস্যরা পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন। এ সময় একটি মোটরসাইকেলে থাকা সন্দেহভাজন ব্যক্তিকে থামার সংকেত দিলে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলের তেলের ট্যাংক ও সিটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ব্যবহৃত পালসার (১৫০ সিসি) মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া ৩৫৫ বোতল ইস্কাপ সিরাপের আনুমানিক মূল্য ১ লাখ ৪২ হাজার টাকা, ৬ কেজি গাঁজার মূল্য ২১ হাজার টাকা এবং জব্দ করা মোটরসাইকেলটির মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত আলামতের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ ১৩ হাজার টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের মতো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD