সাবেক ছাত্রদল নেতাকে থাপ্পড় মারা সেই ইউএনওকে বদলি

ময়মনসিংহের ত্রিশালে বালুঘাটের ইজারাদার ও ছাত্রদলের সাবেক এক নেতাকে মারধরের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করার কথা জানানো হয়।
বিজ্ঞাপন
এর আগে বুধবার দুপুরে ত্রিশালের কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় বালু বিক্রির একটি পয়েন্ট পরিদর্শনে যান ইউএনও আরাফাত সিদ্দিকী। সেখানে ছাত্রদলের সাবেক নেতা ও ঘাটের ব্যবস্থাপক সারোয়ার জাহান বাচ্চুকে মারধরের ঘটনা ঘটে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। পরে স্থানীয় সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান লিটনের মধ্যস্থতায় ত্রিশাল পৌর শহরের টিএমসি হাসপাতালে বিষয়টি মীমাংসা করা হয়।
বিজ্ঞাপন
সেখানে ইউএনও আরাফাত সিদ্দিকী নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন এবং ‘সরি’ বলেন। বদলির আদেশের বিষয়ে ইউএনও জানান, তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করার একটি আদেশ তিনি পেয়েছেন। এদিকে মারধরের ঘটনা এবং পরবর্তী প্রশাসনিক পদক্ষেপকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।








