সন্তানকে বাঁচিয়ে তলিয়ে গেলেন বাবা, ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

রাঙামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর ফালান মিয়া (২৮) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাডুবির পর নিজের শিশুপুত্রকে অন্য একটি নৌকায় তুলে দিয়ে নিজে হ্রদের পানিতে তলিয়ে যান তিনি।
বিজ্ঞাপন
সোমবার (১৭ আগস্ট) সকালে লংগদু ফায়ার সার্ভিসের সদস্যরা কাপ্তাই হ্রদের কালাপাকুজ্যা ও গুলশাখালী ইউনিয়নের মধ্যবর্তী ১৪ নম্বর বিল এলাকা থেকে ফালান মিয়ার মরদেহ উদ্ধার করেন।
ফালান মিয়া লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছোট মাহিল্যা গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে। তিনি পেশায় জেলে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় মাছ ধরার একটি ছোট নৌকায় করে সার নিয়ে বাড়ি ফিরছিলেন ফালান মিয়া। এ সময় তার সঙ্গে ছিল শিশুপুত্র। কালাপাকুজ্যা ও গুলশাখালী ইউনিয়নের মধ্যবর্তী ১৪ নম্বর বিল এলাকায় পৌঁছালে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নৌকাডুবির পর ফালান মিয়া তার ছেলেকে নিয়ে পানিতে ভেসে থাকার চেষ্টা করেন। একপর্যায়ে দূর থেকে একটি নৌকা তাদের দেখতে পেয়ে উদ্ধারের জন্য এগিয়ে আসে। তখন ফালান মিয়া নিজের শিশুপুত্রকে ওই নৌকায় তুলে দিতে সক্ষম হন। সন্তানকে নিরাপদে নৌকায় তুলে দেওয়ার পরপরই তিনি হ্রদের পানিতে তলিয়ে যান।
পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সময় ধরে অভিযান চালানোর পর সোমবার সকালে নৌকাডুবির স্থান থেকে ফালান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন বলেন, ফালান মিয়ার মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, নৌকাডুবির পর নিজের জীবনের ঝুঁকি নিয়ে সন্তানকে নিরাপদে তুলে দেওয়ার ঘটনাটি তাদের মধ্যে গভীর আবেগের সৃষ্টি করেছে।








