Logo

মদনের কাইটাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির ১০ প্রার্থী

profile picture
উপজেলা প্রতিনিধি
মদন, নেত্রকোণা
২৬ আগস্ট, ২০২৬, ১৫:৩৩
মদনের কাইটাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির ১০ প্রার্থী
ছবি: সংগৃহীত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হতে ১০ নেতা মাঠে নেমেছেন। এক ইউনিয়নে এতসংখ্যক সম্ভাব্য প্রার্থী থাকায় এলাকায় নির্বাচনী আলোচনা ও রাজনৈতিক তৎপরতা বেড়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিভিন্ন সময় মামলা, হামলা ও জেল-জুলুমের মুখোমুখি হওয়া নেতাদের কয়েকজন এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে নিজেদের পক্ষে জনসমর্থন তৈরিতে মাঠপর্যায়ে তৎপরতা শুরু করেছেন।

চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন—উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান হারেছ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু তাহের আজাদ, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শাহজাহান মিল্কী, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু সাজ্জাদ কে. জামাল, ইউনিয়ন কৃষক দলের সভাপতি ওসমান গণি, যুবদল নেতা শাহাদাত হোসেন মিল্টন, ২ নম্বর ওয়ার্ড সুরক্ষা মৎস্য কমিটির সভাপতি মো. খায়রুল ইসলাম এবং ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল করিম জিহাদি রতন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সম্ভাব্য প্রার্থীরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন তারা।

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু তাহের আজাদ বলেন, ‘মানুষের সেবা করার সুযোগ পেলে কাইটাইল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই তার পক্ষে কাজ করব।’

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, ‘তৃণমূলে সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি নির্বাচনে অংশ নেব।’

বিজ্ঞাপন

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলছেন, একই ইউনিয়নে ১০ জন সম্ভাব্য প্রার্থী থাকায় দলীয় অভ্যন্তরে প্রতিযোগিতা বাড়তে পারে। তবে শেষ পর্যন্ত দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে তারা জানান।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয়ভাবে আলোচনা করে প্রার্থী মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দল যাকে মনোনয়ন দেবে, তিনিই নির্বাচনে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD