Logo

শিক্ষার্থীদের মেধা বিকাশে ব্যতিক্রমী উদ্যোগ, ময়মনসিংহ সদরে বিজ্ঞান অলিম্পিয়াড

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২৯ আগস্ট, ২০২৬, ১৭:৩৩
শিক্ষার্থীদের মেধা বিকাশে ব্যতিক্রমী উদ্যোগ, ময়মনসিংহ সদরে বিজ্ঞান অলিম্পিয়াড
ছবি: প্রতিনিধি

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও যুক্তিবোধের বিকাশ ঘটাতে ময়মনসিংহ সদর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট ২০২৬’ প্রতিযোগিতা। এতে উপজেলার ১১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২৬ জন শিক্ষার্থী অংশ নেয়।

বিজ্ঞাপন

শনিবার (২৯ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সব উপজেলায় একযোগে আয়োজিত বিজ্ঞানভিত্তিক কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের নির্দেশনায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে এ বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের পাশাপাশি সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ প্রতিযোগিতায় পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, মানসিক দক্ষতা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে মোট ১০০টি প্রশ্নের উত্তর দেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের মতে, মেধা যাচাইয়ের পাশাপাশি এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা, সমস্যা সমাধানের দক্ষতা এবং ভবিষ্যৎ উদ্ভাবনী কর্মকাণ্ডে আগ্রহী করে তুলবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলা জরুরি। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে বাস্তবভিত্তিক চিন্তা ও জ্ঞানচর্চায় উৎসাহিত করবে। ভবিষ্যতে এখান থেকেই দেশের জন্য দক্ষ, মেধাবী ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পরীক্ষা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। বিজ্ঞানচর্চার পাশাপাশি পরিবেশের প্রতি শিক্ষার্থীদের দায়িত্ববোধ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়। ফলে পুরো আয়োজনটি বিজ্ঞান, মেধা ও পরিবেশ সচেতনতার সমন্বিত বার্তা বহন করে।

এ সময় উপস্থিত ছিলেন সদর সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তারিক আজিজ, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের প্রত্যাশা, নিয়মিতভাবে বিজ্ঞানভিত্তিক এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে ময়মনসিংহের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী কর্মকাণ্ডের প্রতি আগ্রহ আরও বাড়বে এবং গড়ে উঠবে জ্ঞাননির্ভর, দক্ষ ও বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্ম।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD