বাহুবলে দুই বাসে ভারতীয় পণ্য, গ্রেপ্তার ৭

হবিগঞ্জের বাহুবলে দুটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৯ আগস্ট) সকাল ৭টা ১০ মিনিটের দিকে উপজেলার ৬ নম্বর মিরপুর ইউনিয়নের কামারগাঁও এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চেরাগ আলী ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
বাহুবল মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সৌখিন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-১০২৫) এবং মিতালী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৭৪৮৯) থামিয়ে তল্লাশি করা হয়।
পরে বাস দুটির পেছনের দিকের যাত্রী আসন এবং উভয় পাশে থাকা মালামাল রাখার বক্সে তল্লাশি চালানো হয়। এ সময় বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ১৪০টি ভারতীয় কম্বল, ৫ হাজার ৫০০ পিস কিটক্যাট চকলেট, ১৩০ প্যাকেট ওরিও বিস্কুট, ৫০ প্যাকেট স্নিকার্স চকলেট, ২৪ পিস রেড বুল এনার্জি ড্রিংক, ১০ প্যাকেট ডেইরি মিল্ক, ৯৬ বোতল আমুল কুল জুস এবং সাত প্যাকেট বেনজো চকলেট।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রিয়াজ উদ্দিন (৪৫), শেরপুরের ঝিনাইগাতীর বকুল হোসেন (৫১), নারায়ণগঞ্জ সদর এলাকার তাপস কুমার মোদক (৪৩), ঢাকার সবুজবাগের জাহিদুল ইসলাম লীমন (৪৮), নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোহাম্মদ সবুজ (৪৫), শরীয়তপুরের জাজিরা উপজেলার মালেক হোসেন ওরফে অপু (৫২) এবং সিলেটের গোয়াইনঘাটের দুলাল মিয়া (৪৯)।
বিজ্ঞাপন
বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) মো. ইকতার মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি(১)(বি)/২৫-ডি ধারায় মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া পণ্যগুলো অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল কি না এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।








