হু হু করে বাড়ছে তিন নদীর পানি, পানিবন্দী ১০ হাজার মানুষ

উজান থেকে নেমে আসা ঢলে পদ্মা নদীর পানি দ্রুত বাড়তে থাকায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় আড়াই হাজার পরিবারের অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পদ্মার পাশাপাশি মহানন্দা ও পুনর্ভবা নদীর পানিও বাড়ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
বিজ্ঞাপন
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় পাঙ্খা গেজ স্টেশনে পদ্মা নদীর পানির উচ্চতা ২১ দশমিক ৭৬ মিটার রেকর্ড করা হয়েছে। এ নদীর বিপদসীমা ২২ দশমিক ০৫ মিটার। অর্থাৎ বিপদসীমার মাত্র ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।
পানি বাড়ার সঙ্গে সঙ্গে শিবগঞ্জের নিম্নাঞ্চলের পরিস্থিতিও অবনতি হচ্ছে। বিভিন্ন এলাকার বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসায় পানি ঢুকে পড়েছে। পানিতে তলিয়ে যাচ্ছে আমন ধানের জমিও।
কোথাও কোথাও বসতঘরের ভেতর পানি প্রবেশ করায় পরিবার নিয়ে উঁচু জায়গায় আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। একই সঙ্গে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও স্যানিটেশন সংকট।
বিজ্ঞাপন
পাউবোর তথ্য অনুযায়ী, গত পাঁচ দিনে পদ্মা নদীতে পানি বেড়েছে ৪৪ সেন্টিমিটার। ৭ সেপ্টেম্বর সকাল ৯টায় পাঙ্খা গেজ স্টেশনে পানির উচ্চতা ছিল ২১ দশমিক ৩২ মিটার। পরদিন ৮ সেপ্টেম্বর তা বেড়ে হয় ২১ দশমিক ৪৪ মিটার। ৯ সেপ্টেম্বর ২১ দশমিক ৫৮ মিটার, ১০ সেপ্টেম্বর ২১ দশমিক ৬৯ মিটার এবং সর্বশেষ ১১ সেপ্টেম্বর তা দাঁড়ায় ২১ দশমিক ৭৬ মিটারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে পদ্মার সঙ্গে মহানন্দা ও পুনর্ভবা নদীতেও পানির উচ্চতা বাড়ছে। শুক্রবার সকাল ৯টায় মহানন্দা নদীর খালঘাট গেজ স্টেশনে পানির উচ্চতা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৪৩ মিটার। এ নদীর বিপদসীমা ২০ দশমিক ৫৫ মিটার।
বিজ্ঞাপন
অন্যদিকে পুনর্ভবা নদীর রহনপুর গেজ স্টেশনে পানির উচ্চতা দাঁড়িয়েছে ১৯ দশমিক ৪৬ মিটার। এই নদীর বিপদসীমা ২১ দশমিক ৫৫ মিটার।
পদ্মার পানি বৃদ্ধির কারণে নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগও বাড়ছে। পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের লালমোহাম্মদ বলেন, ‘উপরের বৃষ্টি, নীচে ভাঙন ও অন্যদিকে বন্যার পানিতে তলিয়ে গেছে চারদিক। পানিতে হাবুডুবু খাচ্ছি। কোনো কূল কিনারা পাচ্ছি না।’
গমের চর এলাকার তরিকুল আলম বলেন, ভাঙনের কবলে সামান্য কিছুদিন আগে বাড়ি ঘর নিয়ে দশরশিয়া গ্রামে অস্থায়ীভাবে বাড়ি করেছি। তাও আবার কয়দিন থেকে বন্যার পানিতে তলিয়ে গেছে।
বিজ্ঞাপন
আব্দুল হামিদ বলেন, পানি প্রতিদিনই বাড়ছে। ঘরের ভেতর পানি ঢুকে পড়েছে। পরিবার নিয়ে খুব কষ্টে আছি। দ্রুত বিশুদ্ধ পানি ও ত্রাণ সহায়তা প্রয়োজন।
আরিফুর রহমান বলেন, পানির কারণে চলাচল ও দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। স্যানিটেশন ব্যবস্থাও ভেঙে পড়েছে। এভাবে পানি বাড়তে থাকলে পরিস্থিতি আরও খারাপ হবে।
অন্যদিকে দূর্লভপুর গাইপাড়া, নামো জগনাথপুর, নামো পিয়ালীমারী, হাসানপুর ও মনাকষা ইউনিয়নের চর সিংনগর, হঠাৎপাড়া, পারচৌকা নতুনপাড়া, নতুন রাঘরবাটিসহ কয়েকটি গ্রামের মানুষ পানি বন্দী হয়ে পড়েছে।
বিজ্ঞাপন
পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, পানিবন্দী পরিবারগুলোর তালিকা প্রশাসনকে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা জরুরি।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, পানিবন্দী মানুষের দুর্ভোগের বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামীকাল পর্যন্ত পদ্মার পানি বাড়তে পারে। এরপর পানি কমতে শুরু করার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
তিনি জানান, বর্তমানে পদ্মার পানি বিপদসীমার নিচে থাকায় বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। তবে পানি আরও বাড়লে নিম্নাঞ্চলের পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।








