Logo

ইসলামি ছাত্র আন্দোলন থেকে যুবদলে, তথ্য গোপন করায় অবশেষে অব্যাহতি

profile picture
জেলা প্রতিনিধি
শরীয়তপুর
১০ অক্টোবর, ২০২৬, ১১:৩১
ইসলামি ছাত্র আন্দোলন থেকে যুবদলে, তথ্য গোপন করায় অবশেষে অব্যাহতি
ছবি: সংগৃহীত

শরীয়তপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক আশিক মাদবর ওরফে জিয়াকে তথ্য গোপনের অভিযোগে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে দায়িত্ব পালনের তথ্য গোপন করে যুবদলের গুরুত্বপূর্ণ পদ পাওয়ার বিষয়টি সামনে আসার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্তক্রমে আশিক মাদবরকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তথ্য গোপনের কারণে জেলা যুবদলের সুপারিশকৃত আশিক মাদবরের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এর আগে গত ৮ অক্টোবর আশিক মাদবরকে শরীয়তপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি এর আগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দপ্তর ও যোগাযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া সংগঠনটির শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।

বিজ্ঞাপন

আশিক মাদবরকে জেলা যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার পর স্থানীয় নেতাকর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। তাঁদের অভিযোগ, বিএনপির দুঃসময়ে দলের সঙ্গে থাকা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে অন্য একটি রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করা ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আরও আলোচনায় আসে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ বিষয়ে শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, আশিক মাদবর অন্য কোনো দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন—এমন তথ্য তাঁদের জানা ছিল না। বিষয়টি জানার পরই তাঁরা দলের হাইকমান্ডকে অবহিত করেন। পরে তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD