Logo

বাকেরগঞ্জে একই বাড়িতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
১১ অক্টোবর, ২০২৬, ১৪:২২
বাকেরগঞ্জে একই বাড়িতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার
ছবি: প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রুনশী গ্রামে একই বাড়িতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। একজন দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যায়। তার মৃত্যুর খবর শুনে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় আরেক শিশু। এ ঘটনায় দুই পরিবারে চলছে শোকের মাতম।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, রুনশী গ্রামের ইলিয়াসের ছয় বছর বয়সী ছেলে ইয়াসিন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

ইয়াসিনের মৃত্যুর খবর পেয়ে একই বাড়ির প্রবাসী উজ্জলের স্ত্রী তাঁর পাঁচ বছর বয়সী ছেলে রেজওয়ানকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। তাঁরা বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডসংলগ্ন জাহানারা ক্লিনিকের পাশের বাসা থেকে রুনশী গ্রামের দিকে যাচ্ছিলেন।

পথে বাকেরগঞ্জ-বরগুনা আঞ্চলিক সড়কের বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি অটোরিকশা রেজওয়ানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার পর অটোরিকশাটি ঘটনাস্থল ছেড়ে চলে যায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, এখনো যানটির সন্ধান পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

রেজওয়ানের পরিবারের সদস্যরা জানান, ইয়াসিনের মৃত্যুর খবর শুনে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে যাওয়ার পথেই দুর্ঘটনার শিকার হয় রেজওয়ান। একদিকে স্বজন হারানোর শোক, অন্যদিকে আরেক শিশুর আকস্মিক মৃত্যু—সব মিলিয়ে পরিবারটির ওপর নেমে এসেছে গভীর শোক।

স্থানীয় বাসিন্দারা জানান, একই বাড়িতে অল্প সময়ের ব্যবধানে দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় রুনশী গ্রামের পারিবারিক কবরস্থানে দুই শিশুকে দাফন করা হয়।

বিজ্ঞাপন

এদিকে, বাকেরগঞ্জ-বরগুনা আঞ্চলিক সড়কে অটোরিকশার বেপরোয়া চলাচল ও অনভিজ্ঞ চালকদের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, সড়কে অবৈধ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি চালকদের দক্ষতা ও ট্রাফিক আইন মেনে চলা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

স্থানীয়দের মতে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অনিয়ন্ত্রিত যান চলাচল নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনার পর দায়ী যানবাহন শনাক্তে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সহায়তা হতে পারে। আর কোনো পরিবারকে যেন এভাবে সন্তান হারানোর শোক সইতে না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন তাঁরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD