‘স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায়’ সিলেটে স্বামীকে ছুরিকাঘাতে হত্যা

সিলেট নগরে হৃদয় কুমার হরিজন (৩৫) নামের এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্বজনদের অভিযোগ, স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় আমিন নামের এক ব্যক্তি ও তাঁর সঙ্গীরা হৃদয়কে ছুরিকাঘাতে হত্যা করেছেন।
বিজ্ঞাপন
সোমবার (১২ অক্টোবর) সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাইনুল জাকির এ হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাতে নগরের সুইপার কলোনির কাস্টঘর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় কুমার হরিজন কাস্টঘর এলাকার বাসিন্দা। তিনি সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় কাস্টঘর এলাকায় হৃদয়ের স্ত্রী পিংকী রানীর ছবি তুলছিলেন আমিন নামের এক ব্যক্তি। বিষয়টি দেখে হৃদয় এর প্রতিবাদ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমিন মুঠোফোনে আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে তাঁরা হৃদয়কে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বিজ্ঞাপন
হৃদয়ের ছোট ভাই অজয় কুমার হরিজন অভিযোগ করে বলেন, আমিনসহ কয়েকজন মিলে তাঁর ভাইকে হত্যা করেছেন। ভাবির ছবি তোলার প্রতিবাদ করায় এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
সিলেট কোতোয়ালী থানার ওসি খান মো. মাইনুল জাকির বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আনা হবে।








